মেসি ম্যাজিকে প্রথম শিরোপা জিতল মিয়ামি

প্রকাশিত: 9:11 AM, August 20, 2023

মেসি ম্যাজিকে প্রথম শিরোপা জিতল মিয়ামি

স্পোর্টস ডেস্ক :

উত্তর আমেরিকার লিগস কাপে ন্যাশভিল এসসিকে হারিয়ে ঘরে শিরোপা তুললো মেসির ইন্টার মিয়ামি। ইতিহাসে প্রথমবারের মতো কোনো শিরোপা জয়ের স্বাদ পেলো ফুটবল ক্লাবটি। টাইব্রেকারে ১০-৯ গোলে জিতেছে আর্জেন্টাইন গোটের সতীর্থরা।

রোববার ন্যাশভিলের ঘরের মাঠের ম্যাচটি নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত ১-১ গোলে সমতায় ছিল। তারপর খেলা গড়ায় টাইব্রেকারে।

এর আগে ম্যাচের ২৩তম মিনিটে ন্যাশভিলের রক্ষণভাগকে বোকা বানিয়ে বাঁ পায়ের দারুণ এক শটে গোল করেন মেসি। ১-০ গোলে এগিয়ে যায় মিয়ামি। লিড নিয়েই বিরতিতে যায় দলটি।

তবে পিছিয়ে থাকেনি ন্যাশভিল। বিরতির পর একের পর এক আক্রমণে আবার ম্যাচে ফিরে আসে দলটি। ৫৭তম মিনিটে ফিকাল্টের হেড ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন মিয়ামির গোলরক্ষক ক্যালেন্ডার।

 

নির্ধারিত ৯০ মিনিটে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে দু’দলই শট নেয় ১১টি করে। মিয়ামি মিস করে ১টি, আর ন্যাশভিল মিস করে ২টি। ১১ নম্বর শটটি নেন দুই দলের গোলরক্ষকরা। ইন্টার মিয়ামির হয়ে ড্রেক ক্যালেন্ডার ন্যাশভিলের জালে জড়াতে সক্ষম হন। তবে ন্যাশভিলের গোলরক্ষক এলিয়ট প্যানিক্কোর শটটি ঠেকিয়ে দেন মিয়ামির গোলরক্ষক ড্রেক। সঙ্গে সঙ্গেই বাধভাঙা উল্লাসে মেতে ওঠেন ইন্টার মিয়ামির ফুটবলার ও সমর্থকরা।

টাইব্রেকারে ১০-৯ ব্যবধানে জয়ী হয়ে মাঠ ছাড়ে ইন্টার মিয়ামি। আসরে ১০ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন লিওনেল মেসি।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares