নোভা মিডিয়া সিলেট ডেস্ক:
গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন শৈলডুবি এলাকায় দুটি কারখানার কার্টন ও সুতার গুদামে লাগা আগুন প্রায় পৌনে চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করে। এতে দুপুর ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (২৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে গুদাম দুটিতে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে।
ঢাকা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান পিএফএম জানান, কাশিমপুরের শৈলডুবি এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টনের গুদাম ও এর পাশের ডিবিএল গ্রুপের সুতার গুদামে আগুন লাগে। খবর পেয়ে ডিবিএল মিনি ফায়ার সার্ভিস, সরাবো, ইপিজেড ও চান্দনা চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসসহ নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
তিনি জানান, প্রায় পৌনে চার ঘণ্টার চেষ্টায় দুপুর পৌনে ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। গুদাম দুটি টিনশেডের হওয়ায় এবং পানির সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশি সময় লেগেছে। তবে আগুন পুরোপুরি নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা তখনো কাজ করছিলেন।
আগুনে গুদাম দুটিতে থাকা কাগজের কার্টন, সুতা ও কাপড় পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।