নোভা মিডিয়া সিলেট ডেস্ক:
ইরান যুদ্ধের কারণে গত মার্চে চালু হওয়া ফুয়েল পাস ফের সক্রিয় করা হচ্ছে। প্রাথমিকভাবে মোটরসাইকেলচালকদের ক্ষেত্রে ফুয়েল পাস প্রযোজ্য হবে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
দেশে জ্বালানি তেলের মজুত কমে যাওয়ার খবরে গত মার্চে প্যানিক বায়িং (ফুরিয়ে যাওয়ার আশঙ্কায় অতিরিক্ত কেনাকাটা) শুরু হয়। একদিকে আমদানিতে অনিশ্চয়তা অন্যদিকে বাজারে চাহিদা বেড়ে যাওয়ার কারণে সরকারি মজুতাগারে জ্বালানির সঞ্চয় কমে গিয়েছিল।
বাজারে কারসাজি ঠেকাতে এপ্রিল থেকে ধাপে ধাপে ফুয়েল কার্ডের মাধ্যমে শৃঙ্খলা আনার চেষ্টা করে সরকার। একপর্যায়ে তেলের দাম বৃদ্ধি ও ফুয়েল কার্ড সক্রিয় হওয়ার কারণে বাজারে তেলের কৃত্রিম চাহিদাও কমতে থাকে। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় মে মাস থেকে শিথিল হতে থাকে ফুয়েল পাস।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে বিপিসির বণ্টন ও বিপণন বিভাগের মহাব্যবস্থাপক ফেরদৌসী মাসুম হিমেল আজকের পত্রিকাকে বলেন, ‘ফুয়েল পাস আগে থেকেই কার্যকর ছিল। এটা আমরা বন্ধ করতে বলি নাই। তবে জ্বালানিসংকট কেটে যাওয়ায় ফুয়েল পাসের প্রয়োগও শিথিল হয়ে এসেছিল। এখন নতুন করে এই পাসকে আমরা সক্রিয় করার উদ্যোগ নিয়েছি।’
ফেরদৌসী মাসুম জানান, এখন থেকে যেসব ফিলিং স্টেশনে ফুয়েল পাস বাধ্যতামূলক, সেখান থেকে পাস দেখিয়ে তেল সংগ্রহ করতে হবে।
ধাপে ধাপে ঢাকায় শতাধিক পাম্পে ফুয়েল পাস চালু করেছিল সরকার। কিন্তু জ্বালানিসংকট কেটে যাওয়ায় এর চর্চা অনেকটাই কমে গিয়েছিল। তবে যেসব পাম্পে ফুয়েল পাস চালু করা হয়েছে, সেখানে এখনো ফুয়েল পাসের নিয়ম ও পদ্ধতি-সংক্রান্ত ব্যানার শোভা পাচ্ছে।