, ,

বিয়ের খবর জানালেন নীহা ও পারশা বরের পরিচয় গোপন রাখলেন দুজনেই

শিউলী
প্রকাশিত November 9, 2026, 04:48 PM
বিয়ের খবর জানালেন নীহা ও পারশা বরের পরিচয় গোপন রাখলেন দুজনেই

বিয়ে করেছেন অভিনেত্রী নাজনীন নীহা। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন সেই খবর। তবে, আর সবার মতো বিয়ের সাজে বরের সঙ্গে ছবি দিয়ে নয়, নিজের বিয়ের খবরটি নীহা জানালেন একটু ভিন্নভাবে। সৌদি আরবের মক্কায় পবিত্র কাবার সামনে সঙ্গীর সঙ্গে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্যাপশনে জানালেন জীবনের নতুন অধ্যায় শুরুর খবর। কিন্তু সঙ্গীর পরিচয় কিংবা ছবি প্রকাশ করেননি অভিনেত্রী।

গতকাল সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি শেয়ার করেন নীহা। একটি ছবিতে দেখা যায়, পবিত্র কাবার সামনে এক ব্যক্তি পেছন থেকে নীহাকে জড়িয়ে ধরে আছেন। দুজনের মুখই কাবার দিকে। অন্য ছবিতে দেখা যায়, কাবার সামনে পরস্পরের হাত ধরে আছেন তাঁরা। ক্যাপশনে নীহা লেখেন, ‘যে অধ্যায়টি আমরা এত দিন ব্যক্তিগত রেখেছিলাম, এবার সেই যাত্রার গল্প সবার সঙ্গে ভাগ করে নিতে পেরে আনন্দিত। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের যে সুন্দর বন্ধনে আবদ্ধ করেছেন এবং তাঁর পবিত্র ঘরে আমাদের একসঙ্গে আসার সুযোগ করে দিয়েছেন, তার জন্য অশেষ শুকরিয়া। আমাদের এই বন্ধন ও পথচলা যেন সব সময় বরকতে পরিপূর্ণ থাকে।’

গত জুনে নীহা জানিয়েছিলেন তিনি আর একা নন, জড়িয়েছেন প্রেমের সম্পর্কে। প্রেমের কথা জানালেও গোপন রেখেছিলেন সঙ্গীর পরিচয়। এরপর গুঞ্জন ছড়িয়েছিল এক পাকিস্তানি যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। সম্পর্কের খবর স্বীকার করে নীহা তখন জানিয়েছিলেন, উপযুক্ত সময় এলে প্রেমিকের পরিচয় প্রকাশ করবেন। কিন্তু প্রেমের সম্পর্কের মতো বিয়ের খবরেও সঙ্গীর পরিচয় গোপন রাখলেন নীহা।

অন্যদিকে, গত শনিবার বিয়ের খবর দিয়েছেন সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবিন। সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশ করে খবরটি নিশ্চিত করেছেন পারশা নিজে। তিনি জানান, গত ২৬ অক্টোবর দেশের বাইরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে তাঁর। তিনিও বরের পরিচয় গোপন রেখেছেন। জানা গেছে, প্রায় এক বছর আগে তাঁদের পরিচয়। সেখান থেকে শুরু ভালো লাগা, একপর্যায়ে বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা।