ভোজনরসিকদের কাছে কাচ্চি এক আবেগের নাম। দুই বন্ধুকে নিয়ে জিভে জল আনা এই খাবার খেতে গিয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি হোটেলে হয়েছে লঙ্কাকাণ্ড। এক-দুবার মুখে দিতেই দেখেন কাচ্চির ভেতর টিকটিকি। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় অবস্থিত ‘হাজী বিরিয়ানি হাউজ’ নামে হোটেলে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী যুবক উজ্জ্বল হাসান জানান, মঙ্গলবার রাতে তার দুই বন্ধুকে নিয়ে হাজী বিরিয়ানি হাউজে কাচ্চি খেতে যান। খাবার এক-দুবার মুখে দিতেই দেখেন কাচ্চির ভেতর টিকটিকি। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে হোটেল কর্তৃপক্ষ উল্টো বাজে আচরণ শুরু করে। একপর্যায়ে স্থানীয় লোকজন এসে জড়ো হয় এবং উপজেলা প্রশাসন ও থানায় খবর দেয়।
তিনি বলেন, ‘মরা টিকটিকি দেখে আমি বমি করতে থাকি। এরপর বেরিয়ে যাব এমন অবস্থায় হোটেল কর্তৃপক্ষ আমাকে বিলের জন্য আটকায়। আমি বিল দিতে অস্বীকৃতি জানালে খারাপ ব্যবহার শুরু করে। এরপর স্থানীয় লোকজন এ ঘটনা দেখে প্রশাসনকে খবর দিলে এসিল্যান্ড ও ঈশ্বরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে আসে।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান বলেন, খাবারে মরা টিকটিকি পাওয়ার বিষয়টি সবার সামনে স্বীকার করেছে হোটেল কর্তৃপক্ষ। এরপর হোটেল মালিককে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশনের জন্য সতর্ক করা হয়েছে।
R/N