সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 12:43 PM, June 4, 2026
বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) গ্রাহকসেবা সহকারী চালু করেছে মেটা। ‘মেটা বিজনেস এজেন্ট’ নামে পরিচিত এই এআই টুল ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার গ্রাহকসেবা, বিক্রয় ব্যবস্থাপনা ও অন্যান্য কার্যক্রম পরিচালনায় সহায়তা করবে। একই সঙ্গে ভবিষ্যতে এ সেবার জন্য অর্থ নেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ জানিয়েছে, গতকাল বুধবার মেটা ঘোষণা দিয়েছে—তাদের গ্রাহকসেবা-ভিত্তিক এআই বট এখন বিশ্বব্যাপী হোয়াটসঅ্যাপে উন্মুক্ত করা হচ্ছে। এর আগে, ভারত ও মেক্সিকোর মতো দেশে প্রায় দুই বছর ধরে হোয়াটসঅ্যাপ বিজনেসে এআই এজেন্টের পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে।
মেটার তথ্য অনুযায়ী, মেটা বিজনেস এজেন্ট গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারবে, পণ্য সুপারিশ করবে, অ্যাপয়েন্টমেন্ট বুক করবে এবং সম্ভাব্য ক্রেতা বা বিক্রয়-সংশ্লিষ্ট লিড যাচাই করবে। কোনো প্রশ্নের জবাব দেওয়ার ক্ষেত্রে মানুষের হস্তক্ষেপ প্রয়োজন হলে সেটি সংশ্লিষ্ট কর্মীর কাছে পাঠিয়ে দেওয়ার সুবিধাও থাকবে। হোয়াটসঅ্যাপের পাশাপাশি ইনস্টাগ্রামের ডাইরেক্ট মেসেজ (ডিএম) সেবাতেও এ বট ব্যবহার করা যাবে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, এআই এজেন্টকে আরও কার্যকর করতে নতুন কিছু সুবিধা পরীক্ষা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে গ্রাহকসংক্রান্ত চ্যাটের দৈনিক সারসংক্ষেপ ও বিশ্লেষণধর্মী তথ্য সরবরাহের ব্যবস্থা। বর্তমানে হোয়াটসঅ্যাপ বিজনেস, ইনস্টাগ্রাম প্রো, মেসেঞ্জার এবং মেটা বিজনেস স্যুটের নির্বাচিত কিছু অ্যাকাউন্টে এ সুবিধার পরীক্ষা চলছে।
মেটা আরও জানিয়েছে, ভবিষ্যতে এআই এজেন্টকে বাজার গবেষণা পরিচালনা, পণ্যের বৈশিষ্ট্য তুলে ধরা, ব্যবহারকারীদের ক্যালেন্ডার ব্যবস্থাপনা এবং প্রতিযোগীদের সম্পর্কে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের সক্ষমতা দেওয়া হবে। এ ছাড়া ব্যবহারকারীরা কোনো ব্যবসা খুঁজলে বা চ্যাটে যোগাযোগের তথ্য শেয়ার করলে এজেন্ট যেন সংশ্লিষ্ট ব্যবসাগুলোকে সামনে আনতে পারে, সে ব্যবস্থাও তৈরি করা হচ্ছে।
বৃহৎ ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য আলাদা একটি প্ল্যাটফর্ম তৈরির কাজও করছে মেটা। এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলো নিজেদের প্রয়োজন অনুযায়ী কাস্টম এআই এজেন্ট তৈরি করতে পারবে। এসব এজেন্ট শপিফাই (Shopify), জেনডেস্ক (Zendesk) এবং শপির (Shopee) মতো বিভিন্ন বাণিজ্যিক সিস্টেমের সঙ্গে সংযুক্ত করা যাবে।
এআই এজেন্ট সেবাকে আয়ের নতুন উৎস হিসেবে দেখছে মেটা। কোম্পানিটি জানিয়েছে, হোয়াটসঅ্যাপ বিজনেস প্রিমিয়াম সাবস্ক্রিপশনের নির্দিষ্ট কিছু স্তরে মেটা বিজনেস এজেন্ট অন্তর্ভুক্ত করা হবে। বড় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে এজেন্ট ব্যবহারের ক্ষেত্রে ব্যবহৃত টোকেনের পরিমাণ অনুযায়ী অর্থ পরিশোধ করতে হবে।
মেটার এই উদ্যোগ হোয়াটসঅ্যাপের ব্যবসায়িক কৌশলের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, প্ল্যাটফর্মটি এতদিন মূলত ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মেসেজিং সেবা এবং ‘ক্লিক-টু-হোয়াটসঅ্যাপ’ বিজ্ঞাপন থেকে আয় করে এসেছে। এখন এআইভিত্তিক সেবা যুক্ত হওয়ার মাধ্যমে ব্যবসা-সংক্রান্ত সফটওয়্যার ও স্বয়ংক্রিয় সেবার বাজারেও নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 14
Users Yesterday : 25
Users Last 7 days : 98
Users Last 30 days : 98
Users This Month : 98
Users This Year : 98প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
