, ,

রাগীব-রাবেয়া হাসপাতালে বিদায় সংবর্ধনা

নোভা মিডিয়া সিলেট
প্রকাশিত July 22, 2026, 09:10 PM
রাগীব-রাবেয়া হাসপাতালে বিদায় সংবর্ধনা

নোভা মিডিয়া সিলেট ডেস্ক:

সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কোর্স সমাপনী (ফেয়ারওয়েল) উপলক্ষে উচ্চশব্দে গান-বাজনার আয়োজন করা নিয়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। হাসপাতালের মতো একটি জরুরি সেবামূলক প্রতিষ্ঠানে মাইক ও সাউন্ডবক্স বাজিয়ে নাচ-গানের আয়োজনে ক্ষোভ প্রকাশ করেছেন চিকিৎসাধীন রোগী, তাদের স্বজন ও স্থানীয় সচেতন মহল।

জানা যায়, গত সোমবার (২০ জুলাই) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত হাসপাতালের জরুরি বিভাগের পাশেই একটি প্যান্ডেল টাঙিয়ে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এতে ইন্টার্ন চিকিৎসকদের বিদায় সংবর্ধনা উপলক্ষে উচ্চশব্দে সাউন্ডবক্স বাজিয়ে চলে গান-বাজনা ও বিনোদনমূলক অনুষ্ঠান।

হাসপাতালে আসা ভুক্তভোগীদের মতে, মানুষ চরম বিপদ ও শারীরিক কষ্ট নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে আসে। চারপাশের পরিবেশ যেখানে শান্ত থাকার কথা, সেখানে হাসপাতালের জরুরি বিভাগের একদম কাছে এমন উচ্চশব্দের আয়োজন চিকিৎসাসেবার পরিবেশকে গুরুতরভাবে ব্যাহত করেছে। ভর্তি থাকা রোগী ও তাদের স্বজনদের অনেকেই রাতে বিকট শব্দের কারণে তীব্র দুর্ভোগে পড়েন।

ঘটনার বিষয়ে স্থানীয় সচেতন মহল গভীর ক্ষোভ প্রকাশ করে বলেন, “হাসপাতালে অনেক মুমূর্ষু রোগী থাকেন, অনেকের অপারেশন হয় বা নিবিড় পরিচর্যার প্রয়োজন হয়। এমন একটি স্থানে চিকিৎসকদের নিজেদের বিদায় অনুষ্ঠানে মধ্যরাত পর্যন্ত উল্লাস করা অত্যন্ত দুঃখজনক ও দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়।”

পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী, হাসপাতাল এলাকাকে আনুষ্ঠানিকভাবে ‘নীরব এলাকা’(Silent Zone) হিসেবে গণ্য করা হয়। আইনানুযায়ী, হাসপাতালের ১০০ মিটারের মধ্যে গাড়ি বা অন্য কিছুর হর্ন বাজানো, মাইক কিংবা উচ্চস্বরে শব্দ সৃষ্টি করা সম্পূর্ণ নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ। আইন অমান্যকারীদের ক্ষেত্রে জেল ও জরিমানার সুস্পষ্ট বিধান রয়েছে।

আইন ও নীতিমালার তোয়াক্কা না করে খোদ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের নাকের ডগায় কীভাবে এমন আয়োজনের অনুমতি দেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও সিলেটের পরিবেশবাদী সংগঠনগুলো।