এ কে আজাদ স্টাফ রিপোর্টার:
সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত চারটি লিস্টার মেশিন ধ্বংস ও অকার্যকর করা হয়েছে। এ ছাড়া বালুভর্তি একটি বাল্কহেড ডুবিয়ে দেওয়া হয়েছে। অভিযানে পাঁচটি মামলায় পাঁচজনকে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফ উদ্দিনের নেতৃত্বে উপজেলার গোয়াইনঘাট সদর থেকে বাংলাবাজার, বালির হাওর, নাইন্দার হাওর, মুখতলা, উত্তর হাতিরপাড়া ও বুধিগাঁও এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে অভিযান চালানো হয়। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত চারটি লিস্টার মেশিন ধ্বংস ও অকার্যকর করা হয়। পাশাপাশি বালুভর্তি একটি বাল্কহেড ডুবিয়ে দেওয়া হয়।
অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচটি মামলায় পাঁচজনকে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ আদায় করা হয়েছে। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে গোয়াইনঘাট থানা পুলিশ।
সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফ উদ্দিন জানান, ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং পরিবেশগত সংকটাপন্ন এলাকার প্রাকৃতিক সম্পদের ক্ষতিসাধন আইনত দণ্ডনীয় অপরাধ। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সরকারি প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।