এ কে আজাদ, স্টাফ রিপোর্টার
সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে টাস্কফোর্স। বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উপজেলার রাংপানি নদী ও শ্রীপুর পাথর কোয়ারি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ৭৩টি বার্কি নৌকা ধ্বংস করা হয়েছে। পাশাপাশি জব্দ করা হয়েছে ৮ হাজার ৪৮৬ ঘনফুট বালু, যা তাৎক্ষণিক নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, রাংপানি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় ৭৩টি বার্কি নৌকা জব্দের পর ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। নৌকাগুলোর আনুমানিক বাজারমূল্য ৭৫ লাখ টাকা।
এ ছাড়া রাংপানি নদীর আদর্শগ্রাম ঘাটে অবৈধভাবে মজুত করা ১ হাজার ৫২০ ঘনফুট এবং শ্রীপুর পাথর কোয়ারি এলাকায় মজুত করা ৬ হাজার ৯৬৬ ঘনফুট বালু জব্দ করা হয়। সব মিলিয়ে ৮ হাজার ৪৮৬ ঘনফুট বালু তাৎক্ষণিক নিলামে বিক্রি করা হয়েছে। এ থেকে মোট ১ লাখ ৪২ হাজার ১০৮ টাকা আদায় হয়েছে।
প্রশাসন সূত্রে আরও জানা গেছে, নিলামের অর্থের পাশাপাশি সরকারি রাজস্ব হিসেবে ১৫ শতাংশ ভ্যাট বাবদ ২১ হাজার ৩১৬ টাকা এবং ১০ শতাংশ আয়কর বাবদ ১৪ হাজার ২১০ টাকা নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার কথা জানিয়েছে প্রশাসন।
অভিযানে জৈন্তাপুর মডেল থানা পুলিশ, আনসার এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) শ্রীপুর ও মিনাটিলা বিওপির সদস্যরা সহযোগিতা করেন।
প্রশাসন জানিয়েছে, রাংপানি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত সব সরঞ্জাম ও সংশ্লিষ্ট কার্যক্রম আগামী এক দিনের মধ্যে নিজ দায়িত্বে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।
এদিকে, রাংপানি নদীর তীর কেটে অবৈধভাবে বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধের লক্ষ্যে আগামী শনিবার বিকেল ৪টায় একটি যৌথ মতবিনিময় সভা আহ্বান করা হয়েছে। সভায় পুলিশ, বিজিবি, স্থানীয় জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, বার্কি শ্রমিক ও পরিবহনশ্রমিকদের অংশ নেওয়ার কথা রয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধ এবং সরকারি সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।