সুনামগঞ্জ প্রতিনিধি:
“বাড়ির আঙ্গিনা রাখি পরিষ্কার, ডেঙ্গু হবে ছারখার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু মশা প্রতিরোধে বিশেষ অভিযান শুরু হয়েছে। জগন্নাথপুর পৌরসভার আয়োজনে আজ ১৭ অক্টোবর সকাল ১০টায় পৌর শহরের ৬ নং ওয়াডের পূজা মণ্ডপগুলোতে মশা নিধনে গ্যাস স্প্রে কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপ ও এর চারপাশের পরিবেশ মশা মুক্ত রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। উদ্বোধনকালে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে পৌরবাসীর সচেতনতা সবচেয়ে জরুরি। নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার রাখলে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।
কার্যক্রম উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা কমিটির সদস্য ও জগন্নাথপুর পৌর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, সাংবাদিক গোবিন্দ দেব, পূজা উদযাপন ফ্রন্টের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সুবল দেব, বিশিষ্ট ব্যবসায়ী কাজল বনিক, আনন্দময়ী পূজা মণ্ডপের সাধারণ সম্পাদক রতন দাস, সমাজসেবক মনোজ চৌধুরী ও সুরাই দাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পৌরসভার কর্মচারীবৃন্দ।
পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, পূজা মণ্ডপগুলোর পাশাপাশি পৌর শহরের প্রধান প্রধান সড়ক ও লোকালয়ে পর্যায়ক্রমে এই মশা নিধন অভিযান জোরদার করা হবে।।