, ,

৫০ মিনিট বন্ধ থাকার পর শুরু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ

শিউলী
প্রকাশিত October 28, 2026, 05:29 PM
৫০ মিনিট বন্ধ থাকার পর শুরু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ

পেসার আনতে চেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রস্টন চেজ। কিন্তু আম্পায়ার আলোকস্বল্পতার কারণে পেস বোলার আনার অনুমতি দিলেন না। চেজ এই সিদ্ধান্ত মানতে পারেননি। চা পানের বিরতির পর খেলা মাঠে গড়ানোর পর এমন ঘটনা ঘটলে আম্পায়াররাও মাঠ ছাড়ার সিদ্ধান্তই নিলেন। প্রায় ৫০ মিনিট বন্ধ থাকার পর আবার খেলা শুরু হয়েছে।

মিরপুরে শুরু হওয়া বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের চা পানের বিরতির পর ১২তম ওভারে ওয়েস্ট ইন্ডিজ পেসার শামার জোসেফ বোলিংয়ের জন্য প্রস্তুত হচ্ছিলেন। ঠিক তখনই বাধে বিপত্তি। মাঠের আম্পায়ারদের কাছ থেকে অনুমতি না পাওয়ায় ক্যারিবীয় অধিনায়ক আগ্রহই হারিয়ে ফেলেছেন। মাঠ ছাড়ার সময় এমনভাবে যাচ্ছিলেন, যেন তিনি ড্রিংকস নিতে যাচ্ছেন। চতুর্থ আম্পায়ারের সঙ্গে কথা বলে মাঠের আম্পায়াররাও খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন। বিকেল ৩টা ১৬ মিনিটে খেলা বন্ধ হওয়ার পর ৪টা ৫ মিনিট অর্থাৎ ৪৯ মিনিট পর শুরু হয়েছে খেলা।

অন্ধকার হয়ে আসার এরই মধ্যে শেরেবাংলায় ফ্লাডলাইট জ্বালানো হয়েছে। সূর্যের আলো একটু একটু করে উঁকি দিচ্ছে। যদিও এক অংশে আকাশ কালো অন্ধকারে করে এসেছে। তবে আম্পায়ার, ক্রিকেটাররা এখনো মাঠে ফেরেননি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭০ ওভারে ৩ উইকেটে ২০৭ রান করেছে বাংলাদেশ। সাদমান ইসলাম ৯৬ রানে ব্যাটিং করছেন। আর ৪ রান করলেই তৃতীয় টেস্ট সেঞ্চুরি পাবেন। লিটন দাস ব্যাটিং করছেন ৭ রানে।

প্রথম দুই সেশনের খেলা শেষে বাংলাদেশ করে ৫৯ ওভারে ৩ উইকেটে ১৭৭ রান। তাওহীদ হৃদয় টেস্টে প্রথম ফিফটি প্রায় পেয়েই গিয়েছিলেন। কিন্তু যখন মাত্র ৮ রান দূরে, তখন চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। ৬৬তম ওভারের পঞ্চম বলে জশুয়া বিশপকে কাভারে ঠেলে সিঙ্গেল নেওয়ার পর ব্যথায় কাতড়াতে থাকেন হৃদয়। বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটারকে বাধ্য হয়ে স্ট্রেচারে মাঠ ছেড়েছেন। তাঁর নামের পাশে স্কোর ৪২। আহত অবসর হওয়ার আগে ৮৪ বলের ইনিংসে ৩ চার মারেন তিনি।