, ,

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডির আবেদনের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

শিউলী
প্রকাশিত November 9, 2026, 05:24 PM
শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডির আবেদনের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবর যাচাই করছে সরকার। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খোঁজখবর নিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সে প্রকাশিত শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদনসংক্রান্ত খবরের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এর সত্যতা আমি এখনো যাচাই করতে পারিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় এ বিষয়ে খোঁজখবর নিচ্ছে।’

তিনি বলেন, ‘এর আইনগত ভিত্তি কী, আদৌ আবেদনটি সঠিকভাবে করা হয়েছে কি না কিংবা আবেদন করার অধিকার আছে কি না—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। পাসপোর্ট আইন, নাগরিকত্ব আইন ও এনআইডি আইনসহ সংশ্লিষ্ট সব আইন পর্যালোচনা করে পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা আইন মন্ত্রণালয় এ বিষয়ে কথা বলবে।’

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রাথমিকভাবে এটুকু বলতে পারি—কোনো দণ্ডিত আসামি যে দেশে আশ্রয় নিয়ে আছেন, সেই দেশের কাছে প্রত্যর্পণ চুক্তি অনুসারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা চিঠি পাঠিয়েছি। তাঁকে যাতে আইন অনুযায়ী প্রত্যর্পণ করা হয়, সে অনুরোধ জানানো হয়েছে। এর বেশি এই মুহূর্তে বলার দরকার নেই।’

এদিকে, কয়েক দিন ধরে রাজধানীতে ককটেল বিস্ফোরণ, বিভিন্ন স্থাপনায় হামলা ও বাসে আগুন দেওয়ার ঘটনা নিয়েও সাংবাদিকেরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান। জবাবে তিনি বলেন, ‘আমরা লক্ষ করছি, পতিত শক্তি এখানে অস্থিরতা সৃষ্টির জন্য মাঝেমধ্যে কিছু বাস ও স্থাপনায় আক্রমণ করছে। পুলিশ আইনানুগভাবে ব্যবস্থা নেবে, কঠোরভাবে দমন করবে।’

এসব ঘটনার সঙ্গে কারা জড়িত বলে মনে করেন—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারাই করুক, এরা সবাই দুষ্কৃতকারী।’