, ,

সেন্ট মার্টিন খুলছে ১ নভেম্বর—দৈনিক যেতে পারবেন ৩৫০০ পর্যটক, দিতে হবে ফি

শিউলী
প্রকাশিত October 25, 2026, 08:26 PM
সেন্ট মার্টিন খুলছে ১ নভেম্বর—দৈনিক যেতে পারবেন ৩৫০০ পর্যটক, দিতে হবে ফি

সেন্ট মার্টিনে আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের যাতায়াতের অনুমতি দিয়েছে সরকার। ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত চলবে পর্যটন মৌসুম। এ সময়ে প্রতিদিন গড়ে সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটক দ্বীপে যাতায়াত করতে পারবেন। পর্যটকদের প্রত্যেককে ১০০ টাকা করে পরিবেশ সংরক্ষণ ফি দিতে হবে।

রোববার ( ২৫ অক্টোবর ) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশ-২ শাখা থেকে জারি করা এক চিঠিতে এসব তথ্য জানানো হয়েছে। চিঠিতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাবরীনা রহমান।

চিঠিতে বলা হয়েছে, আগামী ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত কক্সবাজার শহরের নুনিয়ারছড়া ঘাট থেকে অনুমোদিত পর্যটকবাহী জাহাজে সেন্ট মার্টিনে যাতায়াত করতে পারবেন পর্যটকেরা। তবে প্রতিদিন দ্বীপে যাতায়াতকারী পর্যটকের সংখ্যা গড়ে সাড়ে তিন হাজারের বেশি হতে পারবে না।

দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে প্রত্যেক পর্যটকের কাছ থেকে ১০০ টাকা করে ফি আদায় করা হবে। এ বিষয়ে পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ব্যবস্থাপনা বিধিমালার ২৬ বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তরকে বলা হয়েছে।

এ ছাড়া পরিবেশ মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া সেন্ট মার্টিনে কোনো নৌযান চলাচলের অনুমতি না দিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও নৌপরিবহন অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। পর্যটন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং দ্বীপের পরিবেশ সুরক্ষায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, কক্সবাজার জেলা প্রশাসন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, পুলিশ সুপার ও ট্যুরিস্ট পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

মন্ত্রণালয়ের চিঠিতে আরও বলা হয়েছে, ২০২৫ সালের ২২ অক্টোবর সেন্ট মার্টিন নিয়ে জারি করা ১২টি নির্দেশনা বহাল থাকবে।