সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিনি ম্যারাথন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ অক্টোবর ) সকাল ৬টা ৩৫ মিনিটে সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে এসএমপি, সিলেটের আয়োজনে এবং মাউন্ট এডোরা হাসপাতাল, সিলেটের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মিনি ম্যারাথনের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম। তিনি নিজেও প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এতে এসএমপির বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন। প্রতিযোগিতায় পুরুষদের জন্য ৫ দশমিক ৫০ কিলোমিটার এবং নারীদের জন্য ৩ দশমিক ৫০ কিলোমিটার দৌড়ের আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় নারী পুলিশ, ৪০ বছরের কম বয়সী পুরুষ পুলিশ এবং ৪০ বছর বা তদূর্ধ্ব বয়সী পুরুষ পুলিশ—এই তিনটি ক্যাটাগরিতে প্রতিটি বিভাগ থেকে পাঁচজন করে মোট ১৫ জন বিজয়ী নির্বাচিত হন। এ ছাড়া নির্ধারিত সময়ের মধ্যে দৌড় সম্পন্নকারী সকল অংশগ্রহণকারীকে মেডেল ও সনদপত্র প্রদান করা হয়।
মিনি ম্যারাথন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) এবং ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ এনামুল হক; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায়; উপ-পুলিশ কমিশনার (উত্তর, অতিরিক্ত দায়িত্বে ডিসি-প্রসিকিউশন) মোহাম্মদ সাইফুল ইসলাম; উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) মো. আফজাল হোসেন; অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি, অতিরিক্ত দায়িত্বে ডিসি-ডিবি) সাহাদত হোসেন এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) আকলিমা আক্তারসহ এসএমপির বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও সদস্যরা।