বিনোদন ডেস্ক:
ঋষি কাপুর এবং নীতু কাপুরের সংসার জীবনের ৪২ বছরে পা দিয়েছে। গতকাল ২২ জানুয়ারি ৪২ বছর হলো এ দাম্পত্যের। ১৯৮০ সালের ২২ জানুয়ারি বিয়ে করেছিলেন সেসময়ের সুপারহিট দুই তারকা।
তারা ১৯৭০ এবং ১৯৮০ এর দশকে একসাথে একাধিক হিট ছবিতে অভিনয় করেছিলেন। তাদের অন-স্ক্রিন এবং অফ-স্ক্রিন রোম্যান্সের কথা সবারই জানা ছিলো তখন। আজ ঋষি নেই। চলে গেছেন জীবনের ওপারে।
কিন্তু তার প্রতি ভালোবাসা বা অনুভূতি কোনোটাই কমেনি নীতুর। সংসার জীবনের ৪২ বছর পূর্তির দিনে প্রয়াত স্বামীকে স্মরণ করলেন তিনি। ইন্টাগ্রামে দুজনের ছবি শেয়ার করে লিখেছেন, ‘স্মরণে…’।
অভিনেতার কন্যা ঋদ্ধিমা কাপুর সাহনি তার মায়ের পোস্টে হার্ট ইমোজি দিয়েছেন।
সম্প্রতি ‘দ্যা কাপিল শর্মা শো’-তে হাজির হন নীতু ও ঋদ্ধিমা। সেখানে নীতু বলেছিলেন ঋষি কাপুরের সাথে কাজ করা কতটা কঠিন ছিলো তার জন্য। ফলে তিনি একটা সময় চলচ্চিত্রে কাজ বন্ধ করার সিদ্ধান্ত নেন।
তিনি বলেন, ‘আমি ৫ বছর বয়সে অভিনয় শুরু করেছি এবং ২০ বছর বয়সে বিয়ে করেছি। কাজ করার দীর্ঘ ১৫ বছরের অভিজ্ঞতা ছিল আমার। এরপর ঋষি আসে আমার জীবনে। শুরু হয়েছিল আমাদের পথ চলা।’
বলিউড অভিনেতা ঋষি কাপুর ক্যান্সারে আক্রান্ত হন। মরণ ব্যাধি এ রোগের সাথে দুই বছর লড়াই করেন। হাজারও ভক্ত কাঁদিয়ে ২০২০ সালের এপ্রিলে চলে যান না ফেরার দেশে।