বিএনপি থাকলে রাজনীতির মাঠ কলুষমুক্ত হবে না : তথ্যমন্ত্রী

প্রকাশিত: 6:02 PM, August 21, 2023

বিএনপি থাকলে রাজনীতির মাঠ কলুষমুক্ত হবে না : তথ্যমন্ত্রী

জাতীয় ডেস্ক :

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সম্প্রচার ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি হত্যা-খুনের রাজনীতিতে বিশ্বাস করে। বেগম খালেদা জিয়ার জ্ঞাতসারে তারেক রহমান ২১ আগস্ট ঘটিয়েছে। আর ১৫ আগস্ট ঘটিয়েছে জিয়াউর রহমান। এরা যতদিন রাজনীতির মাঠে থাকবে ততদিন তা কলুষমুক্ত হবে না। ঘৃণা ও সাংঘর্ষিক রাজনীতি কখনও যাবে না।

সোমবার (২১ আগস্ট) দুপুরে সচিবালয়ে ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার ১৯ বছর নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ড. হাছান বলেন, জননেত্রী শেখ হাসিনাকে হত্যা, আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার উদ্দেশ্যে এই গ্রেনেড হামলা পরিচালনা করা হয়েছিল। ঘটনার পূর্বাপর বিশ্লেষণে দিবালোকের মতো স্পষ্ট, তখনকার সরকারের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় বিএনপি এবং জঙ্গিগোষ্ঠীকে সঙ্গে নিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে।

তিনি বলেন, সেখানে যে গ্রেনেড পাওয়া গিয়েছিল, সেগুলো সেনাবাহিনী যুদ্ধ ময়দানে ব্যবহার করে। এগুলো তো সন্ত্রাসীদের কাছে থাকার কথা নয়। সেগুলো সরকারের পক্ষ থেকে দেয়া হয়েছে। একজন সেনা কর্মকর্তা আলামত হিসেবে একটি গ্রেনেড রেখে দিয়েছিলেন। তিনি কেন রেখে দিলেন সেজন্য তাকে সাসপেন্ড করা হয়েছে। কারণ, অন্য সব আলামত ধ্বংস করা হয়েছিল। হামলার স্থান পানি দিয়ে ধুয়ে দেয়া হয়েছিল।

তথ্যমন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনা সেদিন আহত হলেও সৃষ্টিকর্তার কৃপায় ভাগ্যক্রম বেঁচে গেছেন। আমাদের নেতারা বঙ্গবন্ধুকন্যার চারপাশে মানবঢাল তৈরি করেছিলেন। আওয়ামী লীগের ২২ জন নেতা-কর্মী সেদিন নিহত হয়েছেন, পাঁচশ’রও বেশি নেতাকর্মী আহত হয়েছেন। সমগ্র পৃথিবী নিন্দা ও ধিক্কার জানিয়েছে। কিন্তু সংসদে একটি শোক প্রস্তাব আনতে বা কোনও আলোচনাও করতে দেয়া হয়নি, বরং হাস্যরস করা হয়েছে।

সাংবাদিকরা এসময় ‘দেশ-বিদেশের কিছু মানবাধিকারকর্মী ও সংগঠন ২১ আগস্ট বিষয়ে সরব নয়’ এ বিষয়ে প্রশ্নে ড. হাছান বলেন, কিছু মানবাধিকার ব্যবসায়ী দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে আছে। কিছু মানবাধিকার সংগঠনও একে ব্যবসা হিসেবে নিয়েছে। আর কিছু দেশ মানবাধিকারকে একটা অস্ত্র হিসেবে নিয়েছে অন্য দেশকে ঘায়েল করার জন্য।

তিনি বলেন, যারা এগুলো করে তাদের দেশে যে চরম মানবাধিকার লঙ্ঘন হয়, সেটি নিয়ে তো কোনও কথা হয় না। যারা ২১ আগস্ট গ্রেনেড হামলার বা অগ্নিসন্ত্রাসের নিন্দা জানায় না, ১৫ আগস্টের হত্যাকাণ্ডকে রাজনৈতিক বিষয় আখ্যা দিয়ে কিছু বলতে চায় না, এরা আসলে মানবাধিকারকর্মী বা মানবাধিকার সংগঠন নয়, এরা মানবাধিকার নিয়ে ব্যবসা করে।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।

এ সংক্রান্ত আরও সংবাদ

0Shares