জাতীয় ডেস্ক :
তারেক রহমানের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরাতে হাই কোর্টের আদেশ প্রত্যাখান করেছে বিএনপি।
মঙ্গলবার আদেশের পর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রতিক্রিয়া জানান।
রিজভী বলেন, ‘এটা প্রধানমন্ত্রীর ইচ্ছা পূরণের রায়। তার মনের ইচ্ছা প্রতিষ্ঠিত করা হয়েছে এই রায়ের মধ্য দিয়ে। আদালতের বেঞ্চে যে দুইজন বিচারক, তারা যে আদেশ দিয়েছেন এই আদেশের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী এবং আওয়ামী চেতনার যে রায় সেটি দিয়েছেন।’
তিনি বলেন, ‘আমি এই আদেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং প্রত্যাখান করছি দলের পক্ষ থেকে এই অবিচারমূলক রায়ের বিরুদ্ধে। আদালতের এ ধরনের আদেশ ফ্যাসিজমের আরেকটি নগ্ন বহিঃপ্রকাশ।’
রিজভী বলেন, ‘এক পক্ষের বক্তব্য না শুনেই ৩০ সেকেন্ডের মধ্যেই বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দলের প্রধান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আদেশ দিয়েছেন বিচারপতি খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চ। বিচারপতিদের এই আদেশ রাজনৈতিক পক্ষপাতদুষ্ট ও মতপ্রকাশের স্বাধীনতাকে সম্পূর্ণভাবে হরণ করা। হাইকোর্টের বিচারপতিদ্বয় যে নির্দেশ দিয়েছেন তা শেখ হাসিনার মনের ইচ্ছা ও তাকে খুশি করার জন্যই দেয়া হয়েছে। আদালতের এ ধরনের আদেশের নামে নিকৃষ্ট প্রহসন করা হয়েছে।’
লন্ডনে বসবাসকারী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক সব বক্তব্য অনলাইন থেকে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা সংক্রান্ত রুল শুনানির মধ্যে বাদীপক্ষের এক সম্পূরক আবেদনে বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চ সোমবার এ আদেশ দেয়।
R/N