জ্বর কমেনি, এশিয়া কাপে প্রথম ম্যাচে অনিশ্চিত লিটন

প্রকাশিত: 10:43 AM, August 28, 2023

জ্বর কমেনি, এশিয়া কাপে প্রথম ম্যাচে অনিশ্চিত লিটন

স্পোর্টস ডেস্ক :

জ্বরে আক্রান্ত লিটন দাসের জন্য অপেক্ষা বাড়ছে বাংলাদেশ দলের। এশিয়া কাপ মিশনে টিম টাইগার্স রোববার কলম্বো হয়ে প্রথম ম্যাচের ভেন্যু ক্যান্ডিতে পৌঁছেছে। সেই বহরে যাওয়া হয়নি ক্ল্যাসিক ওপেনারের। আরেক ক্রিকেটার তানজিম হাসান সাকিব সোমবার দুপুর একটায় শ্রীলঙ্কা রওনা হলেও লিটন থেকে গেছেন ঢাকাতেই।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, জ্বর থেকে পুরোপুরি সেরে ওঠেননি লিটন। উইকেটরক্ষক-ব্যাটার নিজ থেকে গ্রিন সিগন্যাল দিলেই লঙ্কার টিকিট করা হবে।

তবে জ্বরের ধকল কাটিয়ে আগামী বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে পারবেন কিনা লিটন, সেটি নিয়ে রয়েছে ঘোর অনিশ্চয়তা।

ইবাদত হোসেন ছিটকে যাওয়ায় শেষ মুহূর্তে ১৭ সদস্যের এশিয়া কাপ স্কোয়াডে ঠাঁই হয় তানজিম সাকিবের। সে কারণে দলের সঙ্গে যাওয়ার টিকিটের ব্যবস্থা করা যায়নি। ২৪ ঘণ্টা পর সোমবার দুপুরে রওনা হয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য।

ভোর পাঁচটার ফ্লাইটে চিকিৎসার জন্য ইংল্যান্ডে গেছেন হাঁটুর চোট থেকে দেড় মাসেও সেরে না ওঠা ইবাদত। মঙ্গলবার লন্ডনে দেখাবেন বিশেষজ্ঞ চিকিৎসক। বিশ্বকাপে এক্সপ্রেস পেসারকে দলে পেতে চায় টিম ম্যানেজমেন্ট। যে কারণে সময় ক্ষেপণ না করে দ্রুতই বিদেশে পাঠানো হল ইবাদতকে।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares