, ,

পঞ্চায়েতের নতুন সিজন ডিসেম্বরে

শিউলী
প্রকাশিত November 17, 2026, 06:33 PM
পঞ্চায়েতের নতুন সিজন ডিসেম্বরে

বিনোদন ডেস্ক:

ফুলেরা গ্রামে এখন টানটান উত্তেজনা। ‘পঞ্চায়েত’ সিরিজের পঞ্চম সিজন এ বছর মুক্তি পাবে না—গত রোববার এমন ঘোষণা আসায় দর্শকেরা যখন হতাশ, তার পরদিনই এল বড় চমক। গতকাল প্রাইম ভিডিওর অফিশিয়াল পেজ থেকে ফুলেরার নতুন প্রধান ক্রান্তি দেবীর আরেকটি ভিডিও পোস্ট করেন নির্মাতারা। সে সূত্রেই জানা গেছে, আগামী ডিসেম্বরেই আসবে পঞ্চায়েতের পঞ্চম সিজন।

আগের সিজনগুলোতে তাঁর পরিবারের সঙ্গে ঘটা অপমানের কথা স্মরণ করিয়ে দিয়ে ভিডিওতে ক্রান্তি দেবী জানান, তাঁদের এখন ‘ফুল ইজ্জত’ (পূর্ণ সম্মান) চাই। তাই পূরণ করতে হবে এক অদ্ভুত শর্ত। নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে বানরাকাস চরিত্রের গলায় এক কোটি মালা পরাতে হবে। তবেই মিলবে পঞ্চায়েতের নতুন সিজন। ক্যাম্পেইনটি ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। মুহূর্তেই পূরণ হয়ে যায় এক কোটি মালা পরানোর শর্ত।

শর্ত পূরণ হতেই ওই ওয়েবসাইটে প্রকাশ করা হয় মুক্তির তারিখ। জানা গেছে, ৩ ডিসেম্বর থেকে প্রাইম ভিডিওতে দেখা যাবে পঞ্চায়েতের পঞ্চম সিজন।

ফুলেরা নামের এক প্রত্যন্ত গ্রামের বাসিন্দাদের জীবনযাপন, তাঁদের রাজনৈতিক মতাদর্শ আর চাওয়া-পাওয়ার গল্প হাসির মোড়কে উঠে এসেছে এ সিরিজে। গত সিজনের শেষে ফুলেরার রাজনীতিতে বড় রদবদল এসেছে। পঞ্চায়েত নির্বাচনে মঞ্জু দেবীকে হারিয়ে ক্ষমতা পেয়েছেন ক্রান্তি দেবী। অন্যদিকে ক্যাট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সচিবজি এবং অবশেষে রিঙ্কির প্রতি নিজের ভালোবাসার কথা স্বীকার করেছেন। নতুন সিজনে ফুলেরার এই নতুন নেতৃত্বের অধীনে বৈরী পরিবেশে কাজ চালিয়ে যেতে হবে সচিবজিকে।রাজনৈতিক খবর পড়ুন

সিরিজটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছেন প্রহ্লাদ চরিত্রের অভিনেতা ফয়সাল মালিক। সম্প্রতি ভ্যারাইটি ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘পঞ্চম সিজনে অনেক কিছুই বদলে যাচ্ছে। প্রতিটি চরিত্রের জীবনে অনেক বাঁক ও বদল দেখা যাবে। বরাবরের মতো কমেডি ও ড্রামা তো থাকছেই, তবে এবার এমন কিছু অভাবনীয় ঘটনা ঘটবে, যা দর্শকদের চমকে দেবে।’

দ্য ভাইরাল ফিভার (টিভিএফ) প্রযোজিত ও দীপক কুমার মিশ্র পরিচালিত পঞ্চায়েতের নতুন সিজনে বরাবরের মতোই অভিনয়ে থাকবেন জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব, নীনা গুপ্তা, সুনীতা রাজওয়ার, সানভিকা, ফয়সাল মালিক, চন্দন রায়, দুর্গেশ কুমার, অশোক পাঠক প্রমুখ।