অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম জোরদারের বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে আগামী বছর রুয়ান্ডায় অভিবাসীদের ফেরত পাঠাতে একটি বিশেষ কেন্দ্র চালু করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পাঁচ দেশ। দেশগুলো হলো—জার্মানি, ডেনমার্ক, অস্ট্রিয়া, গ্রিস ও নেদারল্যান্ডস।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, জার্মানি, ডেনমার্ক, অস্ট্রিয়া, গ্রিস ও নেদারল্যান্ডস ২০২৭ সালে ‘রিটার্ন হাব’ বা অভিবাসী প্রত্যাবাসন কেন্দ্র চালু করবে। সেখানে অভিবাসীদের পাঠানোর ব্যবস্থা থাকবে বলে জানিয়েছে ডাচ ও ডেনমার্ক সরকার।
দেশগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, যেসব অভিবাসী তাদের দেশে অবৈধভাবে অবস্থান করছেন এবং যাদের বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে, তাদের ক্ষেত্রে এই কর্মসূচি প্রযোজ্য হবে। ডাচ সরকার জানিয়েছে, বহিষ্কারের নির্দেশ পাওয়া ব্যক্তিদের নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব না হলে এই কেন্দ্র একটি বিকল্প ব্যবস্থা হিসেবে কাজ করবে।
চুক্তি অনুযায়ী, রুয়ান্ডায় পাঠানো অভিবাসীরা চাইলে দেশটির সমাজে একীভূত হয়ে বসবাস করতে পারবেন অথবা নিজ দেশে ফিরে যেতে পারবেন।
তবে এই উদ্যোগের আওতায় শুধু সেই ব্যক্তিরাই পড়বেন, যারা সংশ্লিষ্ট পাঁচটি দেশে বৈধভাবে থাকার জন্য সব ধরনের আইনি সুযোগ শেষ করে ফেলেছেন। যুক্তরাজ্যের বাতিল হয়ে যাওয়া রুয়ান্ডা পরিকল্পনার সঙ্গে এই উদ্যোগের পার্থক্য রয়েছে। ব্রিটিশ পরিকল্পনায় অভিবাসীদের আশ্রয়ের আবেদন প্রক্রিয়াকরণের জন্য রুয়ান্ডায় পাঠানোর কথা ছিল।
আইনি চ্যালেঞ্জের কারণে যুক্তরাজ্যের ওই পরিকল্পনা কখনো বাস্তবায়িত হয়নি। পরে ২০২৪ সালে ক্ষমতায় আসা লেবার সরকার এটি বাতিল করে দেয়। তবে যুক্তরাজ্যও এই নতুন উদ্যোগে যোগ দিতে পারে কি না, সে সম্ভাবনা পুরোপুরি নাকচ করেনি দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিট। তারা জানিয়েছে, বিষয়টি ‘আগ্রহের সঙ্গে’ পর্যবেক্ষণ করবে।সরকারি আদেশ দেখুন
তবে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ রুয়ান্ডায় এমন কেন্দ্র স্থাপনের পরিকল্পনার সমালোচনা করেছেন। এএফপি বার্তা সংস্থার প্রতিবেদন অনুযায়ী, তিনি বলেছেন, এই পরিকল্পনার কোনো ‘ভবিষ্যৎ বা মানবিকতা’ নেই। স্পেনের সম্প্রচারমাধ্যম টেলিসিনকোকে সানচেজ বলেন, ‘আমি এর মধ্যে কোনো ভবিষ্যৎ বা মানবিকতা দেখতে পাচ্ছি না। এটি কোনো সমাধান নয়।’সরকারি আদেশ দেখুন
পাঁচটি দেশ বলছে, অভিবাসীদের ইউরোপের বাইরে পাঠানোর এই পরিকল্পনা ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে মানবাধিকার সংস্থাগুলোর আশঙ্কা, এই উদ্যোগ অভিবাসীদের অধিকার লঙ্ঘন করতে পারে। সম্প্রতি ইইউর অভিবাসনবিষয়ক সংস্কারের পর জোটের বাইরের দেশগুলোতে এ ধরনের প্রত্যাবাসন কেন্দ্র স্থাপনের সুযোগ তৈরি হয়েছে। নতুন উদ্যোগটি সেই সংস্কারের ধারাবাহিকতায় নেওয়া হয়েছে।
সোমবার ভিয়েনায় এক যৌথ সংবাদ সম্মেলনে অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকার বলেন, ইউরোপের আশ্রয়ব্যবস্থার ওপর চাপ কমানো এবং ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অভিবাসীদের বিপজ্জনক যাত্রার ব্যবস্থা করা মানবপাচারকারীদের কার্যক্রম বন্ধ করাই পাঁচ দেশের এই উদ্যোগের লক্ষ্য। ডাচ সরকারের এক লিখিত বিবৃতিতে বলা হয়েছে, চুক্তির প্রথম পর্যায়ে শুধু ‘অবিবাহিত পুরুষদের’ ফেরত পাঠানো হবে। নেদারল্যান্ডসের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে রুয়ান্ডার একই অঞ্চলের দেশগুলো থেকে আসা অভিবাসীদের।সংবাদ পড়ুন
রুয়ান্ডায় পৌঁছানোর পর অভিবাসীরা দেশটির সমাজে একীভূত হওয়ার সুযোগ পাবেন। এর অর্থ, তারা সেখানে বসবাসের অধিকার পাবেন। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, শ্রমবাজার এবং বিচারব্যবস্থায় প্রবেশের সুযোগও থাকবে। রুয়ান্ডার স্বরাষ্ট্রমন্ত্রী ভিনসেন্ট বিরুতা বলেছেন, অভিবাসীদের জন্য একটি ‘নিরাপদ, আইনসম্মত ও মর্যাদাপূর্ণ সমাধান’ নিশ্চিত করতে ইউরোপীয় অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ তার দেশ। তিনি আরও বলেন, ‘বিশ্বজুড়ে অর্থনৈতিক সুযোগ-সুবিধার অসমতা দূর করার’ বিষয়েও তারা কাজ করবেন। তার মতে, অনিয়মিত অভিবাসনের পেছনে এটি একটি ‘প্রধান চালিকাশক্তি’।
ঘোষণার আগে কূটনৈতিক সূত্রগুলো এএফপিকে জানিয়েছিল, প্রাথমিকভাবে পরীক্ষামূলক প্রকল্প হিসেবে এই কেন্দ্র পরিচালিত হবে। সেখানে প্রায় ১০০ জন অভিবাসীকে রাখা হতে পারে। পাঁচটি দেশের প্রতিটি থেকে আনুমানিক ২০ জন করে অভিবাসী পাঠানো হতে পারে।
এদিকে, মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের জ্যেষ্ঠ আফ্রিকাবিষয়ক গবেষক ক্লেমেনটিন দ্য মন্টজোয়া বলেছেন, এই কর্মসূচির জন্য রুয়ান্ডাকে বেছে নেওয়া উদ্বেগের কারণ। তাঁর ভাষ্য, ভিন্নমত দমনে রুয়ান্ডার সরকারের দীর্ঘদিনের রেকর্ড রয়েছে। দেশটিতে নির্বিচারে আটক, বন্দীদের প্রতি দুর্ব্যবহার এবং প্রতিবেশী গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর (ডিআর কঙ্গো) সশস্ত্র বিদ্রোহীদের সমর্থন দেওয়ার ঘটনাও রয়েছে।
তিনি বলেন, ‘বহিষ্কৃত অভিবাসীদের আশ্রয় দেওয়ার কর্মসূচি পরিচালনার জন্য কিগালিকে অর্থ দেওয়া হলে শুধু যে তাদের দুর্ভোগ ও ক্ষতির মুখে পড়তে হবে, তা-ই নয়; এর মাধ্যমে এমন একটি সরকারকে অর্থায়ন করা হবে এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ করে দেওয়া হবে, যে সরকার নিজ দেশে ও দেশের বাইরে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী।’রাজনৈতিক খবর পড়ুন