কাজী শাহেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রকাশিত: 5:08 AM, August 29, 2023

কাজী শাহেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

জাতীয় ডেস্ক :

অধুনালুপ্ত দৈনিক আজকের কাগজের প্রকাশক ও সম্পাদক, জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদ- এর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার ২৮ আগস্ট রাতে এক বার্তায় তিনি শোক জানান।

গতকাল সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে কাজী শাহেদ আহমেদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মেঝ ছেলে কাজী আনিস আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

কাজী শাহেদ আহমেদ ১৯৪০ সালের ৭ নভেম্বর যশোরে জন্মগ্রহণ করেন। ইঞ্জিনিয়ারিং পাসের পর তিনি ১৪ বছর সেনাবাহিনীতে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমির প্রতিষ্ঠাকালীন প্লাটুন কমান্ডারদের একজন।

১৯৭৯ সালে ‘জেমকন গ্রুপ’ প্রতিষ্ঠার মধ্য দিয়ে তার ব্যবসা জীবন শুরু। ‘খবরের কাগজ’ ও ‘আজকের কাগজ’ এর প্রকাশক ও সম্পাদক ছিলেন। বাংলাদেশে প্রথম অর্গানিক চা বাগানের প্রতিষ্ঠাতাও তিনি। তার রয়েছে অসামান্য কিছু অলাভজনক উদ্যোগ। এর মধ্যে আছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ও কাজী শাহেদ ফাউন্ডেশন।

সাহিত্য পরিমণ্ডলেও তিনি সুপরিচিত। কাজী শাহেদ আহমেদের প্রথম গ্রন্থ ‘আমার লেখা’ প্রকাশিত হয় ১৯৯৫ সালে। সে বছরই ‘ঘরে আগুন লেগেছে’ বইটিও প্রকাশিত হয়। ২০১৩ সালে বাজারে আসে তার প্রথম উপন্যাস ‘ভৈরব’ । এছাড়া আত্মজীবনীমূলক গ্রন্থ ‘জীবনের শিলালিপি’ উপন্যাসের মধ্যে ‘পাশা’ ‘দাঁতে কাটা পেনসিল’ ও ‘অপেক্ষা’ উল্লেখযোগ্য। এরইমধ্যে ইংরেজিতে অনূদিত হয়েছে ‘ভৈরব’।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।

এ সংক্রান্ত আরও সংবাদ

0Shares