জ্বর কমেছে লিটনের, কবে যাবেন শ্রীলঙ্কায়

প্রকাশিত: 12:13 PM, August 29, 2023

জ্বর কমেছে লিটনের, কবে যাবেন শ্রীলঙ্কায়

স্পোর্টস ডেস্ক:

২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে পর্দা উঠবে এশিয়া কাপের। বাংলাদেশ দলও প্রস্তুত নিজেদের প্রথম এশিয়া কাপ শিরোপা জয়ের মিশনে অংশ নিতে। সে লক্ষ্যে ইতোমধ্যে শ্রীলঙ্কায় পৌঁছেছে টাইগাররা। রোববার (২৭ আগস্ট) কলম্বোর উদ্দেশ্যে টাইগাররা ঢাকা ছাড়লেও এদিন দলের সঙ্গে যাওয়া হয়নি সহ-অধিনায়ক এবং ওপেনার লিটন দাসের।

মূলত জ্বরে ভুগছেন এই ব্যাটার। তাই দলের সঙ্গে যাওয়া হয়নি লিটনের। সোমবারও (২৮ আগস্ট) যেতে চেয়েছিলেন তিনি। কিন্তু জ্বরে কাবু লিটন গতকালও শ্রীলঙ্কার বিমান ধরতে পারেননি। জ্বর কমলেও মঙ্গলবারও (২৯ আগস্ট) যাওয়া হচ্ছে না লিটনের।

শঙ্কা ছিল লিটনের আবার ডেঙ্গু হলো কি না? কিন্তু শেষ পর্যন্ত স্বস্তির খবর ছিল, লিটনের ডেঙ্গু হয়নি। সোমবারই জানা গিয়েছিল, ডেঙ্গু হয়নি। হয়তো সিজনাল ফ্লু-এর কারণে জ্বরাক্রান্ত হয়েছেন তিনি। তবে, আপাতত জ্বর কমে সুস্থ না হওয়া পর্যন্ত তো এশিয়া কাপ খেলতে যেতে পারছেন না।

মঙ্গলবার সকালেও জানা গেছে, হালকা জ্বর রয়েছে তার। বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, লিটনের শরীরের তাপমাত্র ১০০ ডিগ্রি ফারেনহাইটের বেশি নয়। তবে, শারীরিকভাবে পুরোপুরি সুস্থ না হওয়ায় আজও তাকে শ্রীলঙ্কা পাঠানো যাচ্ছে না।

অর্থ্যাৎ, জ্বর পুরোপুরি সেরে না যাওয়ায় এশিয়া কাপ খেলতে লিটন দাসের আজও শ্রীলঙ্কায় যাওয়া হয়নি। আগামীকাল (৩০ আগস্ট) থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ ক্রিকেটের জমজমাট আসর। বাংলাদেশ মাঠে নামবে পরশু বৃহস্পতিবার (৩১ আগস্ট)।

লিটন যদি বুধবার (৩০ আগস্ট) শ্রীলঙ্কায় যায়ও তবুও টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামতে পারবেন কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। অর্থ্যাৎ, অনিবার্যভাবেই এশিয়া কাপের প্রথম ম্যাচ মিস করতে যাচ্ছেন এই ওপেনার।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares