নাইকো দুর্নীতি মামলা বাতিলে খালেদা জিয়ার আবেদন হাইকোর্টে খারিজ

প্রকাশিত: 9:43 AM, August 30, 2023

নাইকো দুর্নীতি মামলা বাতিলে খালেদা জিয়ার আবেদন হাইকোর্টে খারিজ

জাতীয় ডেস্ক :

নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠন বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদন সরাসরি (সামারিলি রিজেক্ট) খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

খালেদা জিয়ার পক্ষ থেকে করা রিভিশন আবেদনটি শুনানি শেষে বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন। আজকের আদেশের ফলে বিচারিক আদালতে এই মামলা চলতে বাধা রইলো না বলে জানিয়েছেন দুদকের আইনজীবী।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার কায়সার কামাল। দুদকের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী খুরশিদ আলম খান। আর রাষ্ট্র পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদি হাসান চৌধুরী।

কানাডিয় প্রতিষ্ঠান নাইকোর সাথে করা চুক্তির মাধ্যমে দেশ ও রাষ্ট্রের আর্থিক ক্ষতির সৃষ্টি করা এবং দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে দুর্নীতির মামলা করে। এরপর ২০১৮ সালের মে মাসে খালেদা জিয়াসহ আরও ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়, তাদের বিরুদ্ধে দেশের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়।

একই মামলায় অন্যান্য আসামীদের মধ্যে আছেন তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভূঁইয়া এবং নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।

এ সংক্রান্ত আরও সংবাদ

0Shares