কেউ আইনের ঊর্ধ্বে নয়, অপরাধ করলে তার বিচার হবে : আইনমন্ত্রী

প্রকাশিত: 5:41 PM, August 31, 2023

কেউ আইনের ঊর্ধ্বে নয়, অপরাধ করলে তার বিচার হবে : আইনমন্ত্রী

জাতীয় ডেস্ক :

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশে কেউ আইনের ঊর্ধ্বে নয়। কেউ অপরাধ করলে তার বিচার হবে। বঙ্গবন্ধুর খুনিদেরকে ইনডেমনিটি অর্ডিনেন্স দ্বারা বিচার থেকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। সেই জামানা আর নাই। এখন বাংলাদেশে আইনের শাসন আছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় আখাউড়া আজমপুর রেলস্টেশন চত্বরে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত দোয়া ও আলোচনা সভায় এসব কথা বলেন।

এ সময় হিলারি ক্লিনটনকে ইঙ্গিত করে আইনমন্ত্রী বলেন, দুইবার চেষ্টা করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে না পারা ব্যক্তির নির্বাচনে ড. ইউনুস টাকা দিয়েছিলেন। উনি এখন ড. ইউনুসকে বাঁচানোর সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ হতে বলছেন। যা বাংলাদেশের বিচারপ্রার্থী মানুষকে অপমান করার সামিল।

তিনি আরও বলেন, বাংলাদেশে বিচার বিভাগ স্বাধীন। ড. ইউনুস যদি অন্যায় না করে থাকেন তাহলে তিনি খালাস পাবেন। আর যদি অনুচিত হয় বিজ্ঞ বিচারক তার বিচার করবেন। তিনি বলেন, কোন উছিলায় বাংলাদেশকে অপমান করবেন, বিচার বিভাগকে অপমান করবেন সেই চেষ্টা বন্ধ করুন।

এদিকে নির্বাচনে খরচ করার জন্য সরকার সার্বজনীন পেনশন স্কীম করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের সমালোচনা করে আইনমন্ত্রী বলেন, মাথায় গিলু না থেকে অন্য কিছু থাকলে কেউ এসব কথা বলে।

উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রাশেদুল কাওছার জীবন, উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান প্রমুখ।

এর আগে তিনি আখাউড়া-সিঙ্গারবিল পর্যন্ত ৫ কিলোমিটার সড়কের মেরামত কাজ উদ্বোধন করেন।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।

এ সংক্রান্ত আরও সংবাদ

0Shares