সাত সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ

প্রকাশিত: 11:16 AM, August 31, 2023

সাত সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ

জাতীয় ডেস্ক :

দুই দিনের সফরে সাত সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ঢাকা সফর শেষে জি-২০ সম্মেলনে যোগ দিতে দিল্লী যাবেন তিনি।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের সফরের বিষয়টি বৃহস্পতিবার নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। তিনি বলেছেন, ‘সাত সেপ্টেম্বর সন্ধ্যায় ঢাকা আসবেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী।’

বাংলাদেশ স্বাধীনতা লাভের পর রাশিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটাই হবে প্রথম ঢাকা সফর। স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের অন্যতম প্রধান মিত্র ছিল তখনকার সোভিয়েত ইউনিয়ন।

আবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর সেদেশের কোনো বড় কর্তার এটাই প্রথম বাংলাদেশ সফর হতে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।
সের্গেই ল্যাভরভের ঢাকায় আসার কথা ছিল গত বছরের নভেম্বরে। ভারত মহাসাগরীয় দেশগুলোর সহযোগিতা জোটের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল তার। কিন্তু শেষ মুহূর্তে তাঁর সেই সফর বাতিল হয়।

বাংলাদেশ-রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কসহ ভূরাজনৈতিক নানা বিষয় এই সফরে গুরুত্ব পাবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বাংলাদেশের সঙ্গে রাশিয়ার দ্বিপাক্ষিক বেশ কিছু বিষয় রয়েছে। এরমধ্যে অন্যতম হলো রূপপুরে নির্মাণাধীন দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। রাশিয়ার ঋণ ও কারিগরি সহযোগিতায় এই কেন্দ্রের প্রথম ইউনিটের কাজ প্রায় শেষের দিকে।

রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের পারমাণবিক জ্বালানি সেপ্টেম্বরে বাংলাদেশে আসবে বলে এর আগে ঢাকা সফরে এসে জানান রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ।

সের্গেই ল্যাভরভের ঢাকা সফরে দ্বিপক্ষীয় বিষয়ে খাদ্য নিরাপত্তা, জ্বালানি সহযোগিতা এবং রাশিয়া থেকে গম ও সার আমদানির বিষয় গুরুত্ব পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।

এ সংক্রান্ত আরও সংবাদ

0Shares