পুলিশ অন্যায় করলে তার সাজা হবে, জবাবদিহিতাও করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: 6:53 PM, September 10, 2023

পুলিশ অন্যায় করলে তার সাজা হবে, জবাবদিহিতাও করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় ডেস্ক :

রমনা জোনের এডিসি হারুনের ছাত্রলীগের ২ কর্মীকে মারধর প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, পুলিশ অন্যায় করলে তার সাজা হবে। কেন করেছে তার জবাবদিহিতাও করতে হবে।

রোববার (১০ সেপ্টেম্বর) আঞ্চলিক পাসপোর্ট অফিস ঢাকা পূর্ব (আফতাবনগর) ও ঢাকা পশ্চিম (মোহাম্মদপুর) এবং পাসপোর্ট বাতায়নের (কল সেন্টার) শুভ উদ্বোধন অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আফতাবনগরের পাসপোর্ট অফিসের সামনে উদ্বোধন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

ছাত্রলীগের দুই নেতাকে বেধড়ক মারধরের ঘটনায় ডিএমপির রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদ বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা যে করেছে, সে পুলিশের হোক বা যেই হোক না কেন, অন্যায় করলে শাস্তি পেতে হবে। কেন করেছে, কি করেছে, আমরা জিজ্ঞাসা করবো। তার ভুল কর্মকাণ্ডের জন্য তাকে জবাবদিহিতা করতে হবে।’

এডিসি হারুনের বিরুদ্ধে এর আগেও মারধরের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘গতকালের ঘটনাটি প্রথম উল্লেখযোগ্য ভাবে এসেছে, আমরা একটু দেখে নেই। আমরা এটা নিয়ে কাজ করছি। সে যতখানি অন্যায় করেছে সেই শাস্তি সে পাবে।’

বিষয়টি নিয়ে মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান তিনি।

এদিকে, ডিবির গোয়েন্দা শাখার প্রধান হারুন অর রশিদ এক ব্রিফিংয়ে জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে অভিযুক্ত দোষী সাব্যস্ত হলে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। শনিবার রাতে, কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে শাহবাগ থানায় ধরে নিয়ে নির্যাতন করে পুলিশের রমনা বিভাগের এডিসি হারুন অর রশিদ।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।

এ সংক্রান্ত আরও সংবাদ

0Shares