জাতীয় ডেস্ক :
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষকে চিকিৎসা দিতে পারছে না, হাসপাতাল তৈরি করতে পারছে না, মানুষের ভোটাধিকার দিচ্ছে না, অথচ কমিশন খাওয়ার লক্ষ্যে ১০টি এয়ারবাস কেনা হচ্ছে। এখন আবার স্যাটেলাইট-২ কেনার পাঁয়তারা করছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণের আগে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন। বিএনপি জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ড্যাবের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
তিনি বলেন, একদিকে ডেঙ্গু মশা তাড়ানোর জন্য আমাদের জনগণকে সচেতন করতে হবে। অন্যদিকে সর্বশক্তি প্রয়োগ করে এই ভয়াবহ দানবকে (সরকার) সরানোর ব্যবস্থা করতে হবে।
ডেঙ্গু প্রতিরোধে সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে ফখরুল বলেন, এই সরকার একটা ব্যর্থ সরকার। এখানে সিটি করপোরেশনের যে দুজন মেয়র আছেন, তারা জোর করে মেয়র নির্বাচিত হয়েছেন। তারা এডিস মশা নিধনের নামে যে ওষুধগুলো আনেন বাইরে থেকে, সেখানেও চুরি করেন। তাদের প্রধান লক্ষ্য একটাই, সেটা হলো চুরি করা। সবকিছুর মূলে তাদের চুরি।
মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব ডা. মো. আব্দুস সালাম, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভুইয়া, ঢাকা সিটি করপোরেশনের দক্ষিণের মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন, উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম প্রমুখ।
R/N