‘ওপরে আল্লাহ, নিচে প্রধানমন্ত্রীর হাত ধরে কেউ না খেয়ে নেই’

প্রকাশিত: 10:09 AM, October 14, 2023

‘ওপরে আল্লাহ, নিচে প্রধানমন্ত্রীর হাত ধরে কেউ না খেয়ে নেই’

জাতীয় ডেস্ক:
দ্রব্যমূল্যের দাম বাড়লেও মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেছেন, ওপরে আল্লাহ, নিচে প্রধানমন্ত্রীর হাত ধরে এখন আর দেশে কেউ না খেয়ে নেই।
বিএনপি ক্ষমতায় এলে দেশ ম্যাসাকার হয়ে যাবে বলে মনে করেন অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।
শুক্রবার (১৩ অক্টোবর) ঢাকার কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এ কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, ‘দেশে কৃষি উৎপাদন বেড়েছে। সেই সঙ্গে মানুষের আয়ও বেড়েছে। করোনা, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে পুরো বিশ্ব পিছিয়ে গেলেও আমাদের অর্থনীতি আবার মাথা তুলে দাঁড়িয়েছে। আমাদের টাকায় আমরা পদ্মা সেতু করেছি। বিএনপি-জামায়াত এ কথা বিশ্বাস করে না। আবার তারাই পদ্মা সেতু ব্যবহার করে।’

 

গত ১৫ বছরে দেশে সব ক্ষেত্রে পরিবর্তন এসেছে জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, বিএনপির সময় সাধারণ মানুষের ওপর যেভাবে জুলুম-অত্যাচার হয়েছে, এখন আর সেই দিন নেই। এখন বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আমাদের সব উন্নয়নের কাজে বাধা দেয়ার চেষ্টা করছে বিএনপি। কিন্তু সেখানে তারা কোনোভাবেই সফল হয়নি। আজ তারা ফিলিস্তিনের বিপক্ষে গিয়ে ইসরাইলের পক্ষে হাত মিলিয়েছে।’

নির্বাচন যতই ঘনিয়ে আসছে, বিএনপি আবার সন্ত্রাসের পথে হাঁটার জন্য বাংলাদেশের সব সন্ত্রাসীদের একসঙ্গে জড়ো করে একটা ভয়াবহ পরিবেশ সৃষ্টি করতে চাইছে বলে মন্তব্য করেন কামরুল ইসলাম।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী সবাইকে নিয়ে নির্বাচন হবে। সংবিধান অনুযায়ী ক্ষমতা হস্তান্তর করা হবে। আগুন সন্ত্রাস করলে দেশের মানুষ সমুচিত জবাব দেবে। কোনো অপশক্তিকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না।

তিনি আরও বলেন, আগামী দিনে যদি বিএনপির মতো অপশক্তি ক্ষমতায় আসে ,তাহলে দেশ ম্যাসাকার হয়ে যাবে। এ সরকারের আমলে এলাকা উন্নয়ন ও দেশের উন্নয়ন হয়েছে। আশা করি, আগামী দিনে আপনারা আমাকে ভোট দেবেন, প্রধানমন্ত্রীকে ভোট দেবেন।

সেইসঙ্গে দেশের উন্নয়নকে ধ্বংস হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্রের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।

এ সংক্রান্ত আরও সংবাদ

0Shares