বুধবার আলাদা ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল

প্রকাশিত: 10:05 AM, October 17, 2023

বুধবার আলাদা ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল

স্পোর্টস ডেস্ক:
লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামীকাল বুধবার (১৮ অক্টোবর) সকালে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা। ভোর ৬টায় উরুগুয়ের বিপক্ষে লড়বে ব্রাজিল। আর সকাল ৮টায় পেরুর আতিথ্য নেবে আর্জেন্টিনা।

বাছাইপর্বে টানা ৪ ম্যাচ জয়ের লক্ষ্য নিয়ে পেরুর মুখোমুখি হবে আর্জেন্টিনা। লিমায় অনুশীলন করেছে বিশ্বচ্যাম্পিয়নরা। এখনো পুরোপুরি ইনজুরি মুক্ত হননি দলের সেরা তারকা লিওনেল মেসি। তবে এ ম্যাচে খেলবেন সে ইঙ্গিত দিয়ে রেখেছেন কোচ স্কালোনি।

সংবাদ সম্মেলনে স্কালোনি মেসিকে নিয়ে বলেন, সে ভালো আছে, সে প্রশিক্ষণ নিচ্ছে। আমরা আগামীকাল সিদ্ধান্ত নেব। যদি সে ভালো থাকে তাহলে সে খেলবে, যা আমরা সবাই চাই।

অন্যদিকে গেলো ম্যাচে দুর্বল ভেনেজুয়েলার বিপক্ষে ড্র করে সমালোচনার শিকার ব্রাজিল। ইনজুরির কারণে অনিশ্চিত কাসেমিরো। তবে খেলবেন নেইমার। ২০০১ এর পর কখনো সেলেসাওদের হারাতে পারেনি উরুগুয়ে।

এদিকে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামার আগে নারীকাণ্ডে জড়িয়ে সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছেন ব্রাজিলের তিন তারকা ফুটবলার নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র ও রিচার্লিসন। সাংবাদিক ম্যাথিউস বাল্দির বরাত দিয়ে স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানায়, ভেনেজুয়েলার বিপক্ষে পয়েন্ট খোয়ানোর পর ওইদিনই ব্রাজিলের কুইবাতে নারীদের নিয়ে পার্টিতে মেতে উঠেন দলের সেরা তিন তারকা। এই বিষয়ে একটি অডিও রেকর্ড ভাইরাল হয় শহরটিতে।

এদিকে পার্টিতে যাওয়ার কথা শিকার করেছেন সেখানে উপস্থিত লেটিসিয়া সোগিরো নামে এক নারী। তিনি এও জানিয়েছেন, ৬ মাস ধরে তিনি ভিনিসিয়ুসের সঙ্গে সম্পর্কে রয়েছেন।

এদিকে এমন বিষয় সামনে আসার পর আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি ব্রাজিলের তিন ফুটবলার। তবে মার্কা জানিয়েছে বিষয়টি নিয়ে ভিনিসিয়ুস মর্মাহত হয়েছেন।

লাতিন অঞ্চল থেকে তিন ম্যাচে অংশ নিয়ে শতভাগ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর দুই জয় ও এক ড্রয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares