ওবায়দুল কাদেরকে এখনই গ্রেপ্তার করা উচিত: দুদু

প্রকাশিত: 7:13 PM, October 17, 2023

ওবায়দুল কাদেরকে এখনই গ্রেপ্তার করা উচিত: দুদু

জাতীয় ডেস্ক:
শাপলা চত্বরের চেয়ে ভয়ংকর পরিস্থিতি হবে বিরোধীদলের, ওবায়দুল কাদেরের এমন কথার কারণে তাকে এখনই গ্রেপ্তার করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
মঙ্গলবার (১৭ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদের হলরুমে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। নব্বইয়ের ছাত্র গণঅভ্যুত্থানের অন্যতম রূপকার সাইফুদ্দিন আহমেদ মনি স্মরণে এ আলোচনা সভা হয়।

শামসুজ্জামান দুদু বলেন, ‘সরকারের পতন ঘটিয়ে এই বছরের ডিসেম্বরের মধ্যে নতুন বাংলাদেশে সূর্য উঠবে। সরকার এখন বুঝতে পারছে। বিরোধীদলের আন্দোলনে তাদের পাগলপ্রায় অবস্থা। ওবায়দুল কাদের গতকাল যে কথা বলেছেন- শাপলা চত্বরের চেয়ে ভয়ংকর পরিস্থিতি হবে বিরোধীদলের। এই কথা জানতে বাকি আছে তারা কী ধরনের, কী চরিত্রের? ওবায়দুল কাদেরের এই কথার কারণে তাকে এখনই গ্রেপ্তার করা উচিত।’

এই দেশে স্বৈরাচারের কোনো স্থান নেই জানিয়ে তিনি বলেন, ‘স্বৈরাচার এরশাদের পতন কীভাবে হয়েছে দেশের জনগণ দেখেছে, তারাও (আওয়ামী লীগ) দেখেছে। অক্টোবর মাস এখনো শেষ হয়নি, মাঝামাঝি। দেশের জনগণ মনে করে এই মাসের মধ্যে এই স্বৈরাচার সরকারকে পদত্যাগ করতে আমরা সক্ষম হবো। সংসদ ভেঙে দেওয়া হবে, নতুন নির্বাচন কমিশন গঠন করা হবে।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘নির্বাচন কমিশন কী বলে? কে নির্বাচনে আসলো বা না আসলো তা দেখার বিষয় নয়। ঠ্যাং ভেঙে দেবো, মগের মুল্লুক পাইছেন? আমাদের টাকায়, জনগণের টাকায় চলাফেরা করেন, গাড়িতে ওঠেন, বাসাভাড়া দেন। আর কে আসলো আর না আসলো মানে?’

বাংলাদেশ নতুন পরিবর্তনের দিকে দেশ ধাবমান হচ্ছে তিনি বলেন, ‘সব কিছুরই একটা শেষ আছে। এই সরকারেরও শেষ আছে। এই বছরের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের মধ্যে নতুন সূর্য উঠবে বাংলাদেশে। খালেদা জিয়াসহ যারা জেলখানায় আছেন সবাইকে বের করে নিয়ে আসবো। গণতন্ত্রের বাংলাদেশ হবে, স্বাধীন বাংলাদেশ হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান। সংগঠনটির সহ-সভাপতি মাহমুদুল হাসান শামীমের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান বাবুল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন নসু, ডাকসুর সাবেক এজিএস নাজিমুদ্দিন আলম, কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলম প্রমুখ।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares