অস্ট্রেলিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে পাকিস্তান

প্রকাশিত: 11:29 AM, October 20, 2023

অস্ট্রেলিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক:
জয়ের ধারায় ফেরার লক্ষ্য নিয়ে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নামছে পাকিস্তান। টানা দুই জয়ে বিশ্বকাপ শুরু করলেও ভারতের কাছে আগের ম্যাচে হেরে যায় পাকিস্তান। এদিকে, প্রথম দুই হারের পর তৃতীয় ম্যাচে জয়ের দেখা পায় অস্ট্রেলিয়া।

টানা দ্বিতীয় জয়ের স্বাদ নিতে পাকিস্তানের বিপক্ষে আবারও জ্বলে উঠতে মরিয়া অজিরা। ব্যাঙ্গালুরুর এম চিন্মাস্বামী স্টেডিয়ামে শুক্রবার (২০ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। খেলাটি সরাসরি দেখা যাবে গাজি টিভি ও টি-স্পোর্টস।

গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে পাকিস্তানের বেশ কয়েকজন ক্রিকেটার ভাইরাস জ্বরের সঙ্গে লড়াই করছেন। তাদের মধ্যে রয়েছে আব্দুল্লাহ শফিক, শাহীন শাহ আফ্রিদি এবং জামান খান। যা দলটির জন্য অতিরিক্ত চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে।

গত মঙ্গলবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত ঐচ্ছিক অনুশীলনে অনুপস্থিত ছিলেন অধিকাংশ ক্রিকেটার। পরবর্তীতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মেডিকেল অফিসার ডাক্তার সেলিম পুঙ্খানুপুঙ্খ পরীক্ষার পর জানান অসুস্থ হওয়া ক্রিকেটাররা সবাই অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারবেন।

এদিকে হাঁটুর ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে দেখা যাবে না ফখর জামানকে। তাই আব্দুল্লাহ শফিক এবং ইমাম উল হকই পাকিস্তানের হয়ে ওপেনিং করতে পারেন। এছাড়া আগা সালমান এখনও জ্বরের সাথে লড়াই করছেন। তাই তাকেও একাদশে না দেখা যেতে পারে।

অপরদিকে ভারতের কাছে হারের পর পাকিস্তানের স্পিন আক্রমণে পরিবর্তন আনার কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট। বিশেষ শাদাব খানের পরিবর্তে উসামা মীরকে আজ একাদশে দেখা যেতে পারে।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ :

আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, উসামা মীর, হারিস রউফ, হাসান আলী ও শাহীন আফ্রিদি।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares