জাতীয় ডেস্ক:
গণতন্ত্র ধ্বংস করার জন্য বিএনপি লড়াই করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, অক্টোবর মাস শেষ। আরও কত অক্টোবর মাস যাবে-আসবে, তখন দেখা যাবে কারা থাকে। আমরা এতদূর এসেছি লড়াই-সংগ্রাম করে।
মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিশেষ বর্ধিত এক সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, অতীতে গণতন্ত্র ধ্বংস করেছে তারা (বিএনপি)। প্রহসনের নির্বাচনের নাম করে ভুয়া ভোটার তালিকাও তৈরি করেছে।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, শাজাহান খানসহ দলের অন্যান্য কেন্দ্রীয় নেতারা।
R/N