স্পোর্টস ডেস্ক:
চলমান ওয়ানডে বিশ্বকাপে হারের বৃত্ত থেকে যেন বের হতেই পারছে না বাংলাদেশ দল। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর থেকে পরাজয়ই সঙ্গী সাকিব আল হাসানের দলের। বিশ্বকাপে ইতোমধ্যেই পাঁচটি ম্যাচ খেলেছে সাকিবরা, যেখানে একটি জয়ের বিপরীতে পরাজয় চারটি।
দুর্দান্ত ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে টাইগার অধিনায়ক সাকিবের কন্ঠে ছিল জয়ের ব্যাপারে দৃঢ় আত্মবিশ্বাস। ম্যাচ শুরুর আগে সমর্থকদের কাছে টস জয়ের জন্য দোয়াও চেয়েছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে টানা তিন ম্যাচ হারলেও সেমিফাইনালে খেলার স্বপ্ন তখনও দেখছিলেন সাকিব। এমনকি সমর্থকদের হতাশ হতেও বারণ করেছিলেন দেশসেরা এই অলরাউন্ডার।
দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে পরাজয়ের পর যেন বদলে গেছে সাকিবের সুর। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলন আর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সাকিবের বক্তব্যে রয়েছে ব্যাপক পার্থক্য। সেমিফাইনালের স্বপ্ন দেখা সাকিব নিজেও প্রোটিয়াদের কাছে পরাজয়ের পর সেই আশা ছেড়ে দিয়েছেন।
সেমিফাইনাল খেলার আশা বাদ দিয়ে টাইগার অধিনায়কের এখন লক্ষ্য পাঁচ কিংবা ছয়ে থেকে বিশ্বকাপ শেষ করা। যদিও বাংলাদেশ দলের বর্তমান যে পারফরম্যান্স সেরা পাঁচে থেকে বিশ্বকাপ শেষ করতে পারবে কী না টাইগাররা সেটি নিয়েও রয়েছে যথেষ্ট সন্দেহ।
R/N