, ,

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে বাংলাদেশের সামনে এখন যে সমীকরণ

Rahat
প্রকাশিত November 5, 2023, 09:05 PM
চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে বাংলাদেশের সামনে এখন যে সমীকরণ

স্পোর্টস ডেস্ক:
চলমান ওয়ানডে বিশ্বকাপটা বাংলাদেশের জন্য মোটেও সুখকর ছিল না। ইতোমধ্যে ৭টি ম্যাচ খেলে কেবল একটি ম্যাচে জয় পেয়েছে টাইগাররা। পরাজয়ের তিক্ত স্বাদ গ্রহণ করতে হয় নেদারল্যান্ডসের মতো দলের কাছেও। বাজে পারফরম্যান্সে বিশ্বকাপের সেমিফাইনাল খেলার স্বপ্নও শেষ সাকিবের দলের। এবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার যোগ্যতা অর্জন নিয়েও জেগেছে সংশয়।

২০২৫ এর শুরুর দিকে পাকিস্তানের মাটিতে যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে, তাতে বাংলাদেশ খেলতে পারবে কি না সেটাও এখন অনিশ্চিত। ২০২১ সাল থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফির নিয়মকানুন ঢেলে সাজিয়েছে আইসিসি। আর এই ওয়ানডে টুর্নামেন্টটি সে বছর থেকেই অনুষ্ঠিত হচ্ছে নতুন ফরম্যাটে।

বিশ্বকাপ শুরুর আগেই আইসিসি প্রতিটি অংশগ্রহণকারী দলকে জানিয়ে দিযেছিল, বিশ্বকাপের পয়েন্টস টেবিলে প্রথম সাতটি দল এবং স্বাগতিক দেশ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার যোগ্যতা অর্জন করবে। এবারের স্বাগতিক দেশ পাকিস্তান যদি প্রথম সাতে থাকে, তাহলে পয়েন্টস টেবিলের আট নম্বর দলটি সেই সুযোগ পেয়ে যাবে। আর বাংলাদেশ এই মুহুর্তে রয়েছে তালিকার নয় নম্বরে।

চলমান ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের দুইটি ম্যাচ বাকি রয়েছে। শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপে বাকি দুটো ম্যাচ জিততে পারলে বাংলাদেশের পক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জন হয়তো সম্ভব। যদিও মিলতে হবে নানা সমীকরণ। অর্থাৎ, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করার জন্য আগামী দুই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের।

এক ম্যাচ জিতলেও কিছুটা সুযোগ থাকবে বাংলাদেশের জন্য। সেক্ষেত্রে অন্য ম্যাচটিতে বড় ব্যবধানে হারা যাবে না। একই সঙ্গে শ্রীলঙ্কাকেও তাদের বাকি দুইটি ম্যাচ হারতে হবে। এছাড়াও নেদারল্যান্ডসকে তাদের বাকি দুটি ম্যাচে হারতে হবে।

R/N