সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 8:57 PM, November 9, 2023
স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপের আয়োজক ভারতের আধিপত্য চলছেই। এখন পর্যন্ত আট ম্যাচ খেলে সবগুলোতেই জয় পেয়েছে তারা। ছোট-বড় কোনো কোনো দলই পাত্তা পাচ্ছে না ভারতের কাছে। টানা আট জয়ে সবার আগে সেমিফাইনাল নিশ্চিতের পাশাপাশি রয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে। ভারতের পয়েন্ট এখন ১৬।
লিগ পর্বে ভারতের শেষ ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে। রোববার (১২ নভেম্বর) অনুষ্ঠিত হবে ম্যাচটি। ওই ম্যাচে রোহিত শর্মারা যদি অঘটনের শিকারও হয়, তবু শীর্ষ দল হিসেবেই সেমিফাইনালে খেলবে তারা। আইসিসির নিয়ম অনুযায়ী, পয়েন্ট তালিকার ১ নম্বর দলের সঙ্গে ৪ নম্বর এবং দুইয়ে থাকা দলের সঙ্গে তিনে থাকা দল সেমিফাইনালে মুখোমুখি হবে।
ভারতের পর দ্বিতীয় দল হিসেবে দক্ষিণ আফ্রিকা এবং তৃতীয় দল হিসেবে অস্ট্রেলিয়া সেমিফাইনাল নিশ্চিত করে। দুই দলের হাতেও একটি করে ম্যাচ রয়েছে। সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ কে হবে, সেটা এখনো নিশ্চিত নয়। তবে ভারতের সমর্থক ও সাবেক ক্রিকেটারদের ভাবনা এখন শুধুই সেমিফাইনালের প্রতিপক্ষ নিয়ে।
সেমিফাইনালের লড়াইয়ে রয়েছে তিনটি দল। নিউজিল্যান্ড, পাকিস্তান অথবা আফগানিস্তান। এই তিন দল থেকে যে দলটি সেমিফাইনাল নিশ্চিত করবে তারাই সম্ভাব্য ভারতের প্রতিপক্ষ হবে। তবে এই তিন দলের মধ্যে নিউজিল্যান্ড আছে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে। লঙ্কানদের বিপক্ষে আজ ন্যূনতম ব্যবধানে জিতলেও সেমিতে ওঠা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে কিউইদের।
এছাড়া, আফগানিস্তান শুধু কাগজে–কলমেই লড়াইয়ে আছে, বাস্তবের লড়াইটা ‘প্রায় অসম্ভবের’ পর্যায়ে চলে গেছে। আফগানদের তুলনায় পাকিস্তানের সুযোগটা একটু বেশি। তবে সেটা কতটা বেশি তা নির্ভর করছে আজকের ম্যাচের ফলাফলের ওপর।
এদিকে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর চাওয়া, নিউজিল্যান্ড–আফগানিস্তান নয়; ভারতের ফাইনালে ওঠার লড়াইটা হোক পাকিস্তানের সঙ্গে। ঘরের মাঠে ২০১১ বিশ্বকাপেও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছিল ভারত। বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ এবারও সেটার পুনরাবৃত্তি চাইছেন।
স্পোর্টস তাককে দেয়া এক সাক্ষাৎকারে সৌরভ বলেছেন, ‘আমি চাই, পাকিস্তান সেমিফাইনালে উঠুক এবং ভারতের বিপক্ষে খেলুক। এর চেয়ে বড় সেমিফাইনাল আর হতেই পারে না।’
স্বাগতিক ভারত এবার যেভাবে খেলছে তাতে অনেকেই রোহিত–কোহলিদের হাতে বিশ্বকাপ ট্রফি দেখতে পাচ্ছেন। সৌরভও ভারতকেই এগিয়ে রাখছেন। তবে টিম ইন্ডিয়া বিশ্বকাপ না জিতলেও অবাক হবেন না বলে জানিয়েছেন, ‘ভারত যেভাবে খেলছে, পুরো জাতি খুব খুশি। ওদের খেলা দেখে মনে হয়েছে, বাকি দলগুলোর সঙ্গে ওদের ব্যবধান অনেক। আশা করি, ওরা এভাবেই খেলতে থাকবে। আমার মনে হয় না, হুট করে ওদের খেলার মান পড়ে যাবে এবং বাজে ক্রিকেট খেলতে শুরু করবে। তবে ওরা বিশ্বকাপ না জিতলে বিস্মিত হব না।’
সৌরভের পাকিস্তানকে সেমিফাইনালে চাওয়ার অন্যতম কারণ হচ্ছে, আগামী বুধবার (১৫ নভেম্বর) প্রথম সেমিফাইনাল হওয়ার কথা মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। পরদিন (১৬ নভেম্বর, বৃহস্পতিবার) দ্বিতীয় সেমিফাইনাল কলকাতার ইডেন গার্ডেনে। তবে ভারতের প্রতিপক্ষ কে হবে, সেটার ওপর ভিত্তি করে ম্যাচের তারিখ ও ভেন্যু বদলে যেতে পারে। যদি নিউজিল্যান্ড অথবা আফগানিস্তান সেমিফাইনালে ওঠে, তাহলে বুধবার মুম্বাইয়ে খেলবে ভারত। আর বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার ম্যাচটি হবে কলকাতায়। কিন্তু পাকিস্তান যদি সেমিফাইনালে ওঠে, তাহলে তারা বৃহস্পতিবার কলকাতায় ভারতের বিপক্ষে খেলবে। এর আগের দিন মুম্বাইয়ে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া। এ ব্যাপারটি বিশ্বকাপ শুরুর আগেই জানানো হয়েছিল।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 19
Users Yesterday : 26
Users Last 7 days : 145
Users Last 30 days : 531
Users This Month : 531
Users This Year : 531প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
