সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 7:07 PM, November 11, 2023
জাতীয় ডেস্ক:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন করা মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে বিএনপি বলেছে, চীন বাংলাদেশের ‘সংবিধান অনুযায়ী’আসন্ন নির্বাচন দেখতে চায় বলে রাষ্ট্রদূত ওয়েন যে মন্তব্য করেছেন, তা জনগণের ইচ্ছা বা আকাঙ্ক্ষার প্রতিফলন নয়। শনিবার (১১ নভেম্বর) এক বিবৃতিতে এ কথা জানিয়ে বিষয়টি নিয়ে নিজেদের ব্যাখ্যাও দিয়েছে দলটি।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘বিআরআইয়ের ১০ বছর: পরবর্তী সোনালি দশকের সূচনা’শীর্ষক সেমিনারে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে মন্তব্য করেন। ‘বাংলাদেশের সংবিধান মেনে চলার’ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন দেখতে চায় চীন।
বিষয়টি নিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘রাষ্ট্রদূত নির্বাচনের পরিপ্রেক্ষিতে “বাংলাদেশের সংবিধান মেনে চলার”ওপর গুরুত্বারোপ করেছেন। বাংলাদেশকে নিয়ে তাঁর এই উদ্বেগকে আমরা স্বাগত জানাই। পাশাপাশি এটিও মনে করিয়ে দিতে চাই, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র ও সংসদীয় গণতন্ত্র প্রবর্তনকারী দল হিসেবে বিএনপি সবসময় সেই সংবিধানের প্রতি অঙ্গীকারবদ্ধ, যা জনগণ দ্বারা অনুমোদিত ও গৃহীত। দুঃখজনকভাবে, ভোট ডাকাতির অপসংস্কৃতির ধারক হিসেবে, ক্ষমতা কুক্ষিগত করে রাখার অপপ্রয়াসে, বিতর্কিত সংশোধনীর মাধ্যমে সংবিধানকে কাটাছেঁড়া করেছে অবৈধ আওয়ামী লীগ সরকার’।
বিএনপি বলছে, রাষ্ট্রদূতের মন্তব্যটি এমন এক সময়ে এসেছে যখন সমগ্র জাতি গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ হয়ে, নিজেদের ভোটের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ পুনরুদ্ধারের প্রয়াসে, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি জানাচ্ছে।
এ প্রসঙ্গে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বাতিল করার কথা উল্লেখ করে বিবৃতিতে দলটি বলছে, ‘শেখ হাসিনা সরকার হীন রাজনৈতিক উদ্দেশ্যে সর্বজনস্বীকৃত ও বহুল প্রশংসিত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করেছে। আইনজ্ঞ ও বিশেষজ্ঞ মতামত এবং সর্বোপরি গণতন্ত্রকামী জনগণের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে শাসকগোষ্ঠী জাতির সঙ্গে এই প্রতারণা করেছে। ২০১৪ এবং ২০১৮ সালের দুটি প্রহসনমূলক জাতীয় নির্বাচন স্পষ্টতই প্রমাণ করেছে যে শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন সম্ভব নয়। কারণ, নির্বাচনের নামে যে রাষ্ট্রীয় দুর্বৃত্তায়ন, তাতে অনেক ক্ষেত্রে নির্বাচন কমিশন, প্রশাসন, বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি চিহ্নিত অংশ সহযোগীর ভূমিকায় অবতীর্ণ’।
বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে ব্যবসা, বাণিজ্য, জ্ঞান ও অন্যান্য দ্বিপাক্ষিক স্বার্থের ভিত্তিতে। বিএনপি বিশ্বাস করে, দুই দেশের জনগণের মাঝে সম্পর্ক স্থাপনেই কূটনৈতিক সাফল্য নিহিত। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল চীনকে আহবান করছে, বাংলাদেশের জনগণের অভিপ্রায় ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদির প্রতি আলোকপাত করবার জন্য। দেশের মানুষের চলমান সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সর্বাত্মক সমর্থন প্রত্যাশা করে, যেন অচিরেই বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্পন্ন হয়।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 15
Users Yesterday : 26
Users Last 7 days : 164
Users Last 30 days : 527
Users This Month : 527
Users This Year : 527প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
