স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশের পেসারদের উন্নতির পেছনে বড় ভূমিকা ছিল দক্ষিণ আফ্রিকার সাবেক কিংবদন্তি ক্রিকেটার ও কোচ অ্যালান ডোনাল্ডের। তার অধীনে বাংলাদেশ দল যেন হয়ে ওঠে পেস নির্ভর। বাংলাদেশ ক্রিকেটে কাটানো অধ্যায় শেষ করেছেন ডোনাল্ড। বিসিবি থেকে চুক্তি বাড়ানোর প্রস্তাব থাকলেও তাতে রাজি হননি এই প্রোটিয়া কোচ।
ডোনাল্ডের সঙ্গে আরও এক বছর চুক্তি বাড়াতে চেয়েছিল বিসিবি। কিন্তু পরিবারকে প্রাধান্য দেয়ার কারণে শেষ পর্যন্ত বিসিবির সেই প্রস্তাবে রাজি হননি ‘সাদা বিদ্যুৎ’ খ্যাত এই বোলিং কোচ।
দেশের এক গণমাধ্যমকে তিনি বলেন, ‘বিসিবি আমাকে প্রথমে মৌখিকভাবে প্রস্তাব দিয়েছিল। আমার মনে হয় সর্বপ্রথম আমাকেই প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু আমি সময় নিয়েছিলাম কারণ ব্যাক অব দ্য মাইন্ডে পরিবার কাজ করছিল। কিন্তু শেষ পর্যন্ত পরিবারকে প্রথম প্রায়োরিটি দিতে হলো।’
তাসকিন-মোস্তাফিজদের দায়িত্ব ছাড়লেও তাদের মায়া ছাড়তে পারেননি ডোনাল্ড। ক্রিকেটারদের মিস করছেন উল্লেখ করে তিনি বলেন, ‘মিস করছি দলটাকে। এখানে এসে সবার সঙ্গেই কথা রয়েছে। দুয়েকজনের নিগল আছে সেগুলো নিয়ে কাজ করতে হবে। সামনে খেলা আছে। ওদেরকে ঠিকমতো যত্ন নিতে হবে।’
R/N