সাকিব-তামিমের সেই সাক্ষাৎকার ও ভিডিও বার্তা নিয়ে ‘অস্বস্তিতে’ বিসিবি

প্রকাশিত: 7:45 PM, November 14, 2023

সাকিব-তামিমের সেই সাক্ষাৎকার ও ভিডিও বার্তা নিয়ে ‘অস্বস্তিতে’ বিসিবি

 

স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপ শুরুর পূর্বে তামিম ইকবালের ভিডিও বার্তা এবং সাকিব আল হাসানের সাক্ষাৎকার নিয়ে সরগরম ছিল দেশের ক্রীড়াঙ্গন। বিশ্বকাপ চলায় সে সময় এ বিষয় নিয়ে কথা বলেননি বিসিবির কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা। অবশেষে সাকিব-তামিমের সেই সাক্ষাৎকার ও ভিডিও বার্তা নিয়ে মুখ খুলেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। তিনি মনে করেন, সাকিব-তামিম এমনটা না করলে আরও স্বস্তিতে থাকতো বিসিবিসহ দল।

 

মঙ্গলবার (১৪ নভেম্বর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে টিটু বলেন, ‘সাকিব-তামিম-মুশফিক-রিয়াদ তো নতুন ক্রিকেট খেলছে না। তারা তাদের কোড অব কন্টাক্ট সম্পর্কে ওয়াকিবহাল। বাংলাদেশের লিজেন্ড ক্রিকেটারদের তালিকায় তারা ওপরের দিকেই রয়েছে। তারা যে কাজগুলো করেছে সেগুলো যদি বিশ্বকাপ শুরুর আগে না হতো তাহলে আমরা আরও স্বস্তির জায়গায় থাকতাম। ওই রকম না হলে হয়তো ভালো হতো।’

এদিকে, আসন্ন নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ দলের অধিনায়ক কে হতে পারেন সেটি সম্পর্কেও আভাস দিয়েছেন টিটু। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জানান, যদি কোনো পরিবর্তন আর না আসে তাহলে সহ-অধিনায়ক লিটন দাসই সামলাবেন অধিনায়কত্বের দায়িত্ব।

বিসিবির এই পরিচালক বলেন, ‘সাকিবের চোট আছে। পুরোপুরি সেরে না উঠার আগ পর্যন্ত সে খেলবে না। আমাদের এখন পর্যন্ত সহকারী অধিনায়ক হিসেবে লিটন কুমার দাস আছেন। যদি কোনো নতুন সিদ্ধান্ত না হয় তাহলে সে অধিনায়কের দায়িত্বে থাকবে। আর নতুন কেউ হলে সেটিও জানিয়ে দেয়া হবে।’

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares