বাংলাদেশ-অস্ট্রেলিয়া: পরিসংখ্যানে এগিয়ে কারা?

প্রকাশিত: 12:09 PM, November 16, 2023

বাংলাদেশ-অস্ট্রেলিয়া: পরিসংখ্যানে এগিয়ে কারা?

স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপে খেলা তো দূরের কথা, বাছাই পর্বেই কখনো উল্লেখ করার মতো পারফরম্যান্স করতে পারেনি বাংলাদেশ। অন্যদিকে গত বিশ্বকাপেই নক আউট পর্ব আর্জেন্টিনার বিপক্ষে দারুণ লড়াই উপহার দিয়েছিল অস্ট্রেলিয়া। এবার সেই অস্ট্রেলিয়ার বিপক্ষেই অসম লড়াইয়ে নামছে ফুটবল মানচিত্রে পুঁচকে বাংলাদেশ। জয়ের জন্য নয়, এই ম্যাচের বাংলাদেশের লক্ষ্যটা নিজেদের সেরা খেলাটা উপহার দেওয়া।

এশিয়ান ফুটবলের পরাশক্তিদের একটি অস্ট্রেলিয়া। অন্যদিকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ফুটবলেই আধিপত্য দেখাতে পারেনি। নামের ধারে-ভারে সকারুদের তুলনায় যোজন যোজন ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ। ফিফা র‍্যাঙ্কিংইয়ে খেয়াল করলেই ব্যবধান অনেকটা বোঝা যাবে। বর্তমান ফিফা র‍্যাঙ্কিং ২৭ নম্বরে আছে অস্ট্রেলিয়া। রবার্ট লেভানদোভস্কির পোল্যান্ড, আর্লিং হলান্ডের নরওয়ে, মোহামেদ সালাহর মিশরেরও ওপরে অবস্থান করছে অস্ট্রেলিয়া।

অন্যদিকে বাংলাদেশ অবস্থান করছে ১৮৩ নম্বরে। দক্ষিণ এশিয়ার ভারত, মালদ্বীপ, নেপাল ও ভূটানেরও পেছনে অবস্থান লাল সবুজের দেশের। শক্তির পার্থক্যটা তাহলে বোঝাই যাচ্ছে।

 

এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র দুবার খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। বলাই বাহুল্য যে, কোনো ম্যাচেই জয় পায়নি বাংলাদেশ। ২০১৫ সালে বিশ্বকাপের বাছাই পর্বে দুই লেগের খেলায় মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-অস্ট্রেলিয়া।

সে বছরের সেপ্টেম্বরে প্রথম লেগের ম্যাচটি হয়েছিল অস্ট্রেলিয়ার মাটিতে। ম্যাচটিতে ৫-০ গোলে হারে বাংলাদেশ। এরপর নভেম্বরে ফিরতি লেগের খেলাটি হয় বাংলাদেশে। ঘরের মাঠে বাংলাদেশ আগের ম্যাচের তুলনায় অপেক্ষাকৃত ভালো খেলা উপহার দেয়। ম্যাচটিতে হারে ৪-০ গোলে। দুই লেগ মিলিয়ে বাংলাদেশের জালে ৯ গোল দিয়েছে অস্ট্রেলিয়া।

তবে এবার মাঠে নামার আগে বেশ ছন্দে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। আর সেটা কাজে লাগিয়ে ইতিবাচক ফুটবল খেলার প্রত্যাশার কথা জানিয়েছেন বাংলাদেশ দলের কোচ।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ক্যাবরেরা বলেন, ‘আমরা চার-পাঁচদিন ধরে এখানে আছি। তিনটি সেশন করেছি এ পর্যন্ত। এখন পর্যন্ত দলের সবকিছু ইতিবাচক আছে। এখানকার আবহাওয়াটাও আমাদের জন্য চ্যালেঞ্জিং। আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। এশিয়ার অন্যতম সেরা দলের বিপক্ষে খেলতে এখানে এসেছি। আমি আশাবাদী এবং ইতিবাচক। আশা করছি, এখান থেকে ভালো অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশে ফিরতে পারব, যা আমাদের পরবর্তী প্রতিপক্ষ লেবাননের বিপক্ষে কাজে লাগবে।’

প্রতিপক্ষের সঙ্গে নিজেদের শক্তির ব্যবধানটা ভালো করেই জানেন বাংলাদেশ কোচ। তবে হাল ছেড়ে দিচ্ছেন না তিনি। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াকু ফুটবল খেলার প্রত্যয় জানিয়েছেন লাল-সবুজ কোচ।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares