পিসিবিতে এবার দায়িত্ব পেলেন বিশ্বকাপজয়ী তারকা পেসার

প্রকাশিত: 12:56 PM, November 18, 2023

পিসিবিতে এবার দায়িত্ব পেলেন বিশ্বকাপজয়ী তারকা পেসার

স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপে ভরাডুবির পর নড়েচড়ে বসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ড থেকে শুরু করে কোচিং প্যানেল সব জায়গায় শুদ্ধি অভিযান শুরু করেছে দেশটি। তারই অংশ হিসেবে মিকি আর্থারকে টিম ডিরেক্টরের দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে তা তুলে দেয়া হয়েছিল সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজের হাতে। সেই সঙ্গে তাকে প্রধান কোচের দায়িত্বও তুলে দেয়া হয়।

পাকিস্তানের হয়ে সর্বশেষ ২০২১ সালে খেলা ৪১ বছর বয়সী সাবেক এই অলরাউন্ডারের এর আগে কোচিংয়ের অভিজ্ঞতা নেই। তবে অনভিজ্ঞ এই তারকার হাত ধরেই নতুন করে যাত্রা শুরু করতে যাচ্ছে পাকিস্তান।

বিশ্বকাপ শেষে পাকিস্তান অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে। যেখানে রয়েছে টেস্ট সিরিজ ও টি-টোয়েন্টি সিরিজ। এই দুই সিরিজেই তিনি টিম ডিরেক্টর ও দলের প্রধান কোচ হিসেবে কাজ করবেন। পরবর্তীতে তার সঙ্গে আলোচনা করে বাবর-রিজওয়ানদের ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচ নিয়োগ করা হবে। বিশ্বকাপে পাকিস্তানের প্রধান কোচ ছিলেন গ্রান্ট ব্র্যাডবার্ন।

শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় পিসিবি আরেক সাবেক তারকা পেস বোলার ওয়াহাব রিয়াজের হাতে তুলে দিয়েছে প্রধান নির্বাচকের দায়িত্ব। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজই প্রথম অ্যাসাইনমেন্ট।

এবার বাঁ হাতি আরেক তারকা পেসারকে পাকিস্তানের জুনিয়র ক্রিকেটারদের প্রধান নির্বাচক পদে নিয়োগ দিয়েছে পিসিবি। শুক্রবার (১৭ নভেম্বর) রাতে বাঁ হাতি পেসার সোহেল তানভীরকে পাকিস্তানের জুনিয়র দলের প্রধান নির্বাচক পদে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন।

সোহেল তানভীরের প্রথম অ্যাসাইনমেন্ট হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে ৮-১৭ ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য পাকিস্তানের দল তৈরি করা। আর দ্বিতীয় অ্যাসাইনমেন্টে তিনি পাবেন ২০২৪ সালের জানুয়ারিতে শ্রীলঙ্কায় হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। যেটি চলবে ১৩ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

তানভীর ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য। ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তানভীরের। তিনি পাকিস্তানের হয়ে ২ টেস্ট, ৬২টি ওডিআই এবং ৫৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন। তিন ফরমেটে তিনি ১৩০টি উইকেট তুলে নেন এবং ৬১২ রান সংগ্রহ করেছেন।

দায়িত্ব পেয়ে সোহেল তানভীর বলেন, পিসিবি ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান জাকা আশরাফ জুনিয়র নির্বাচক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দেয়ায় আমি সত্যিই সম্মানিত ও কৃতজ্ঞ। এই কমিটির চেয়ারম্যান নিযুক্ত হওয়া একটি বিশাল দায়িত্ব এবং আমি এই উত্তেজনাপূর্ণ চ্যালেঞ্জের জন্য অপেক্ষা করছি।

তিনি আরও বলেন, আমি আমাদের তরুণ প্রতিভার সম্ভাবনায় বিশ্বাস করি এবং আমরা যৌথভাবে তৃণমূল থেকে আন্তর্জাতিক স্তরে সাফল্যের পথ তৈরি করার লক্ষ্য রাখি। আমাদের প্রথম কাজ হবে আসন্ন এসিসি অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের জন্য অনূর্ধ্ব ১৯ স্কোয়াড নির্বাচন, কারণ আমরা পরের বছরের শেষের দিকে আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য একটি শক্তিশালী দল তৈরি করার প্রস্তুতি নিচ্ছি।

ভারতে ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে দেশে ফেরার পর ১৫ নভেম্বর থেকে শুরু হয় পাকিস্তান দলে কোচিংয়ে রদবদল। সেদিনই স্বেচ্ছায় পাকিস্তানের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান বাবর আজম। তিন সংস্করণেই দলটির নেতৃত্বে ছিলেন তিনি। তার জায়গায় টেস্ট দলের নেতৃত্ব দেয়া হয় বাঁ-হাতি ব্যাটার শান মাসুদকে। আর টি-টোয়েন্টির নেতৃত্ব দেয়া হয় পেসার শাহিন আফ্রিদিকে। তবে ওয়ানডের জন্য এখন পর্যন্ত কাউকে নিয়োগ দেয়নি পিসিবি।

১৯৯২ সালের পর আবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে ভারতে পা রাখে ম্যান ইন গ্রিনরা। কিন্তু প্রথম রাউন্ডে ৯ ম্যাচের মাত্র ৪টি জিতে ছিটকে পড়ে তারা। এরপর থেকেই দলটির খেলোয়াড়, কোচিং স্টাফ আর বোর্ডের সমালোচনায় মুখর হন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares