স্পোর্টস ডেস্ক:
ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে দেশে বাংলাদেশ। প্রস্তুতি নিচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য। আজ রাতেই দেশে আসার কথা রয়েছে নিউজিল্যান্ডের। এই সিরিজকে লক্ষ্য করে বাংলাদেশ জাতীয় দলের পুরনো পদে ফিরছেন সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল।
বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে বাংলাদেশ দলের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছিল জাতীয় দলের সাবেক এই ক্রিকেটারকে। বিশ্বকাপে ব্যর্থ হওয়ায় পুনরায় বিসিবি দারস্থ হলো সাবেক এ ক্রিকেটারের। আপাতত ঘরের মাঠে এই সিরিজের জন্য দায়িত্ব দেয়া হয়েছে। বিশ্বকাপে বাংলাদেশের টিম ম্যানেজারের দায়িত্ব দেয়া হয়েছিল রাবিদ ইমামকে। যিনি বিসিবির মিডিয়া ম্যানেজারের দায়িত্বে রয়েছেন।
পুনরায় টিম ম্যানেজারের দায়িত্ব নেয়ার বিষয়টি নিশ্চিত করে নাফিস বলেন, জি, বিসিবি নতুন করে আমাকে নিয়োগ দিয়েছে। কাজ শুরু করেছি। দোয়া করবেন।
উল্লেখ্য, বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে চলাকালীন ড্রেসিংরুম ছেড়ে চলে যান নাফিস। পরে গুঞ্জন উঠে ভাই তামিমের সঙ্গে ঘটে যাওয়া নানা ঘটনায় ক্ষোভে দল ছাড়েন নাফিস। যদিও পরে নাফিস জানিয়েছিলেন, তিনি পদত্যাগ করেননি, বরং তাকে বিসিবির পক্ষ থেকেই সরিয়ে দেয়া হয়েছিল।
বিশ্বকাপের আগে পদ হারানো নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন নাফিস ইকবাল। সেখানে তিনি লেখেন, নীরবতা মানে শূন্যতা নয়। নীরবতাতেই কখনও কখনও সব উত্তর থাকে। আল্লাহ’র পরীক্ষার সর্বোচ্চ সাড়া দেয়া যায় ধৈর্যের মাধ্যমে। আমাকে এবং আমার পরিবারকে আপনাদের দোয়ায় রাখবেন।
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর টিম ম্যানেজারের পদ ছেড়ে দেন সাব্বির খান। এরপর টিম ম্যানেজার করা হয় নাফিস ইকবালকে। এরপর থেকে ওই দায়িত্বে ছিলেন তিনি। আবারও পুরনো পদে ফিরলেন তিনি।
R/N