নির্বাচনী সভায় অংশ নিতে পারবেন কারাবন্দী ইমরান খান

প্রকাশিত: 6:06 PM, December 29, 2023

নির্বাচনী সভায় অংশ নিতে পারবেন কারাবন্দী ইমরান খান

 

 

আন্তর্জাতিক ডেস্ক:
নির্বাচনী কৌশল নির্ধারণে দলের নেতাদের সঙ্গে সভায় অংশ নিতে পারবেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী ইমরান খান। শুক্রবার (২৯ ডিসেম্বর) এক আদেশে ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) আদিয়ালা জেলে বন্দী ইমরান খানের সঙ্গে পিটিআই নেতা এবং আইনজীবীদের দেখা করার অনুমতি দিয়েছেন। আগামী ৮ ফেব্রুয়ারির দেশটিতে জাতীয় নির্বাচনের কৌশল নির্ধারণে দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন সাবেক এই পাকিস্তানি প্রধানমন্ত্রী।

দেশটির গণমাধ্যম ডন এক প্রতিবেদনে জানিয়েছে, পিটিআই সদস্য আসাদ কায়সার, জুনায়েদ আকবর খান, সিনেটর আওরঙ্গজেব খান এবং দোস্ত মোহাম্মদ খান এবং ইশতিয়াক মেহেরবানসহ অন্যান্য নেতাদের সঙ্গে কৌশল নির্ধারণী বৈঠক করার অনুমতি চেয়ে আবেদন করেন ইমরান খান। ওই আবেদনের পেক্ষিতে বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব এই আদেশ দেন। আবেদনে আদালতকে অনুরোধ করা হয়, ইমরানকে তার আইনি দলের সঙ্গে পরামর্শের সময় তার গোপনীয়তা নিশ্চিত করতে যেন আদিয়ালা জেলের সুপারিন্টেনডেন্টকে নির্দেশ দেয়া হয়।

আজ (শুক্রবার) পাকিস্তানের অ্যাটর্নি-জেনারেল (এজিপি) মনসুর উসমান আওয়ান, পিটিআই আইনজীবী এবং আদিয়ালা জেলের সুপারিন্টেনডেন্ট আদালতে হাজির হন। শুনানির শুরুতে, পিটিআই কৌসুলি শোয়েব শাহীন বলেন, দলটির ৭০০ আসনের মনোনয়ন বরাদ্দের জন্য আলোচনা করা দরকার, তবে অ্যাটর্নি-জেনারেল আবেদনটির বিষয়ে আপত্তি তোলেন।

উভয়পক্ষের যুক্তিতর্কের পর আদালত পিটিআই চেয়ারম্যান গোহর খানসহ আইনজীবীদের জেলে ইমরানের সঙ্গে পরামর্শ করার অনুমতি দেন। এদিন আদালত জেল সুপারের তত্ত্বাবধানে গোহর ও প্রাক্তন প্রধানমন্ত্রীর মধ্যে সাক্ষাতের নির্দেশও দিয়েছেন। বিচারপতি আওরঙ্গজেব বলেন, ‘নির্বাচনের বিষয়ে পরামর্শের অনুমতি একটি মৌলিক অধিকার, নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সরকারকে ‘নিরপেক্ষ’ হতে হবে।

 

প্রসঙ্গত, দেশটিতে নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হয়েছে নির্বাচনী তৎপরতা। গত রোববার শেষ হয়েছে মনোনয়নপত্র দাখিলের সময়সীমা। ২৫ ডিসেম্বর থেকে শুরু হওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে আগামীকাল (৩০ ডিসেম্বর) পর্যন্ত। এর আগে, পিটিআই চেয়ারম্যান গোহর খান বলেছিলেন, দলের টিকিট বরাদ্দের সিদ্ধান্ত ইমরানই নেবেন। আর ব্যারিস্টার আলী জাফর জোর দিয়ে বলেছিলেন, টিকিট বরাদ্দের ক্ষেত্রে জেলে থাকা পিটিআই কর্মীদের অগ্রাধিকার দেয়া হবে

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares