স্পোর্টস ডেস্ক:
প্রিমিয়ার লিগে নামছে তিন জায়ান্ট চেলসি, ম্যান সিটি ও ম্যান ইউ। সন্ধ্যা সাড়ে ছয়টায় ব্লুজকে লুটন ও রাত সাড়ে এগারোটায় রেড ডেভিলসকে আতিথ্য দেব নটিংহ্যাম ফরেস্ট। মাঝে রাত নয়টায় শেফিল্ডের বিপক্ষে নামবে সিটিজেনরা। সিরি আয় বিগ ম্যাচে জুভেন্টাসের মুখোমুখি হবে মরিনহোর রোমা। এসি মিলানের প্রতিপক্ষ সাসুওলো।
গেলো ম্যাচে এভারটনকে হারিয়ে ছন্দে ফিরেছে ম্যানচেস্টার সিটি। চলতি মাসে প্রিমিয়ার লিগে ৫ ম্যাচ খেলে পেয়েছে দ্বিতীয় জয়। উঠে এসেছে টেবিলের সেরা চারে। শিরোপার রেসে আরও এগিয়ে যাওয়ার হাতছানি নিয়ে শেফিল্ডের বিপক্ষে নামবে ম্যান সিটি। যাদের বিপক্ষে গেলো ১৫ বছর ধরে হারেনি সিটিজেনস। জিতেছে টানা ছয় ম্যাচ।
টেবিলের তলানীতে থাকা দ্যা ব্ল্যাডসের বিপক্ষে ডিফেন্ডার জন স্টোনসের সার্ভিস পাবে না স্বাগতিকরা। ইনজুরি থেকে সেরে উঠলেও কেভিন ডি ব্রুইনাকে নিয়ে তাড়াহুড়ো করতে চায় না চ্যাম্পিয়নরা। আরও এক ম্যাচ সাইড লাইনে কাটাতে হবে আর্লিং হালান্ডকে।
এ ম্যাচ জিতে টেবিলের দু’নম্বরেও উঠে আসতে পারে গার্দিওলার দল। সেজন্য বার্নলির সঙ্গে পয়েন্ট হারাতে হবে অ্যাস্টন ভিলাকে।
অন্যদিকে জয়ের ধারায় থাকার চ্যালেঞ্জ ম্যানচেস্টার ইউনাইটেডের। নটিংহ্যামের বিপক্ষে শততম ম্যাচ খেলার অপেক্ষায় রেড ডেভিলস। হেড টু হেডে ফরেস্টদের সঙ্গে যোজন যোজন এগিয়ে ম্যান ইউ। জিতেছে টানা শেষ আট ম্যাচে। সবমিলে সংখ্যাটা ১১। তবে অধারাবাহিক পারফরমেন্স চিন্তার কারণ টেন হাগের জন্য।
তার ওপর স্কোয়াডে একের পর ইনজুরির হানা। আরও এক ম্যাচে লুক শ, সোফিয়ান আম্রাবাত, অ্যান্থনি মার্শিয়াল, ক্যাসেমিরো, হ্যারি ম্যাগুয়ের, লিসান্দ্রো মার্তিনেজ, ম্যাসন মাউন্টদের সার্ভিস পাবে না ম্যানচেস্টার ইউনাইটেড।
সিরি আয় টেবিল টপার ইন্টারের সঙ্গে ব্যবধান দুই পয়েন্টে কমিয়ে আনার সুযোগ জুভেন্টাসের। টানা ১২ ম্যাচ অপরাজিত থেকে রোমার বিপক্ষে নামবে তুরিনের ওল্ড লেডি।
শেষ ছয় ম্যাচে তিন জয় আর এক ড্রয়ে বিগ ম্যাচের প্রস্তুতি সেরে রেখেছে রোমাও। শেষ দেখায় জুভিদের হারানোর আত্মবিশ্বাস সঙ্গী মরিনিহোর দলের।
R/N