৭ ব্যাংককে ২২ হাজার কোটি টাকা ধার দিলো বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত: 8:25 PM, January 1, 2024

৭ ব্যাংককে ২২ হাজার কোটি টাকা ধার দিলো বাংলাদেশ ব্যাংক

 

অর্থনীতি ডেস্ক:

তারল্য সংকটে থাকা ৫ ইসলামী ব্যাংকসহ সাত ব্যাংককে তিন দিনের জন্য ২২ হাজার কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক সূত্র এই তথ্য পাওয়া গেছে।

সূত্র জানায়, ‘লেন্ডার অব দ্য লাস্ট রিসোর্ট’ হিসেবে ৭ ব্যাংককে এই টাকা ধার দেয়া হয়েছে। শুধু এবারই নয়, নিয়মিত দেশে কার্যরত সব তফসিলি ব্যাংককে ধার দিয়ে থাকে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র আরও জানায়, ব্যাংক কোম্পানি অ্যাক্টের ক্ষমতাবলে সিকিউরিটিজের পাশাপাশি ডিমান্ড প্রমিজরি নোটের মাধ্যমে টাকা ধার নেয় দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো।

কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার নেয়া সাত ব্যাংকের মধ্যে পাঁচটিই ইসলামি ধারার। সেগুলো হলো- ইসলামী ব্যাংক পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামি ব্যাংক।

 

বাকি দুটি বেসরকারি তফসিলি ব্যাংক। সেগুলো হলো-পদ্মা ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক। ব্যাংকাররা বলেন, খারাপ আর্থিক পরিস্থিতি কৃত্রিমভাবে ভালো দেখাতে এই সুবিধা দেয়া হয়েছে।

নীতিমালা অনুযায়ী, বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ধার নিতে হলে ব্যাংকগুলোকে বিল, বন্ড জমা রাখতে হয়। তবে এই সাত ব্যাংকের কাছে ব্যবহারযোগ্য বিল-বন্ডও নেই।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে, পাঁচ শরিয়াভিত্তিক ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্টে দীর্ঘদিন ধরে ঘাটতি রয়েছে। ফলে প্রতিশ্রুতিপত্র (ডিমান্ড প্রমিজারি নোট) দিয়ে টাকা ধার করেছে সংকটে থাকা কয়েকটি ব্যাংক। এর মাধ্যমে যেকোনও উপায়ে ফেরত দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ব্যাংকগুলো।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares