জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্ট বাদ দেয়ার চেষ্টায় বিসিবি

প্রকাশিত: 5:45 PM, January 9, 2024

জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্ট বাদ দেয়ার চেষ্টায় বিসিবি

 

স্পোর্টস ডেস্ক:

চলতি বছরের জুনে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ইতোমধ্যেই বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্বকাপের বছর হওয়ায় টি-টোয়েন্টি ক্রিকেটকেই প্রাধান্য দিতে চাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর সেজন্য বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে যে দুই টেস্ট ম্যাচ রয়েছে সেগুলো বাদ দেয়ার চেষ্টা চালাচ্ছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি শুরু হবে বিপিএল দিয়ে। ১৯ জানুয়ারি থেকে মাঠে গড়াবে ফ্র্যাঞ্চাইজি লিগটি। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্টের পাশাপাশি তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে। আর মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট ও পাঁচটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে টাইগারদের। সেই সিরিজের টেস্ট ম্যাচগুলো বিশ্বকাপের আগে খেলতে অনাগ্রহী বাংলাদেশ।

মঙ্গলবার (৯ জানুয়ারি) বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জানান, জিম্বাবুয়ে সিরিজের দুটি টেস্ট বাদ দেয়ার চেষ্টা করছেন তারা। যদিও এই বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

জালাল ইউনুস বলেন, মিডিয়া থেকে আমার কাছে একজন জানতে চেয়েছিল জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট বাদ দেয়ার পরিকল্পনা আছে নাকি। আমি জানিয়েছি এটা এখনও চূড়ান্ত নয়। যেহেতু দুইটা টেস্ট ম্যাচ আছে এরপর পাঁচটা টি-টোয়েন্টি রয়েছে, টি-টোয়েন্টিগুলো বিশ্বকাপের আগে আমাদের জন্য গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, আমরা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। কিন্তু চেষ্টা করবো ২টা টেস্ট কমানোর। তাহলে পরবর্তীতে আমরা অন্য জায়গায় সরিয়ে নিতে পারি। এটা এখনও আনুষ্ঠানিক না। এখন আমরা আনঅফিশিয়াল বলতে পারি এরকম চাইছি পরে এটা জানাতে পারব। যেহেতু আমরা জিম্বাবুয়ের সঙ্গে আইটেনেরি নিয়ে চুক্তি সই করিনি। এজন্য এই মুহূর্ত বলা কঠিন।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares