অর্থনীতি ডেস্ক:
পবিত্র রমজান সামনে রেখে ভোজ্যতেল, চিনি ও খেজুরের আমদানি শুল্ক কমানোর সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সোমবার (২২ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) এই সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। এর আগে রোববার অর্থ মন্ত্রণালয়ে দ্রব্যমূল্য নিয়ে পাঁচ মন্ত্রণালয়ের যৌথ বৈঠক হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য অনুবিভাগের যুগ্মসচিব মো. আবদুছ সামাদ আল আজাদ বলেন, রোজা সামনে রেখে ভোজ্যতেল, চিনি ও খেজুরের শুল্ক কমাতে এনবিআরকে চিঠি দেয়া হয়েছে। কোন পণ্যে কত টাকা কমানো হবে সংস্থাটি তা জানিয়ে দেবে।
তিনি আরও জানান, এ নিয়ে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বৈঠকে বসবে এনবিআর। শুল্ক হার কতটা কমানো হবে ওই বিষয়ে সিদ্ধান্ত নেবে তারা। মূলত ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে এই পথে হাঁটা হচ্ছে।
রোজার দেড় মাস আগেই বাজারে বেড়েছে চিনি, সয়াবিন তেল ও ছোলার দাম। অবশ্য কয়েক মাস ধরেই এই ধারা অব্যাহত আছে।এমন পরিস্থিতিতে শুল্ক কমানোর দাবি জানিয়েছেন বিভিন্ন খাতের ব্যবসায়ীরা।
R/N