, ,

গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ৬০ বোতল ভারতীয় মা/দ/ক জ/ব্দ, আ/ট/ক ২

নোভা মিডিয়া সিলেট
প্রকাশিত June 2, 2026, 11:55 PM
গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ৬০ বোতল ভারতীয় মা/দ/ক জ/ব্দ, আ/ট/ক ২

গোয়াইনঘাট প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার এবং দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। অভিযানের সময় তাদের এক সহযোগী পালিয়ে গেলেও তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২ জুন) ভোররাতে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন নলজুড়ি পশ্চিম এলাকার মহর উদ্দিনের ছেলে ইমামুল হোসেন (২৬) এবং হবিগঞ্জের বানিয়াচং উপজেলার উজিরপুর এলাকার মো. মিলনের ছেলে মো. তুশিল (১৯)। তারা বর্তমানে জাফলং গুচ্ছগ্রাম এলাকায় বসবাস করছেন। এ ঘটনায় আমিনুল (৩৫) নামে আরও একজনকে আসামি করা হয়েছে, যিনি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।

পুলিশ জানায়, গুচ্ছগ্রাম পয়েন্টের ফাহিমা এন্টারপ্রাইজের সামনে দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার তথ্য পেয়ে গোয়াইনঘাট থানার এসআই রাজীব কুমার রায়ের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। রাত প্রায় ৩টার দিকে অভিযান পরিচালনার সময় পালানোর চেষ্টাকালে ইমামুল ও তুশিলকে আটক করা হয়।

পরে তাদের তল্লাশি করে ইমামুলের কাছ থেকে ৪৩ বোতল ‘ICONIQ WHITE’ (৩৭৫ মিলি) এবং তুশিলের কাছ থেকে ১৭ বোতল ‘ROYAL GREEN’ (৭৫০ মিলি) ভারতীয় মদ উদ্ধার করা হয়। জব্দকৃত ৬০ বোতল মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ১৫ হাজার ৫০০ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন, সীমান্ত এলাকা থেকে মদ সংগ্রহ করে স্থানীয় বাজারে বিক্রির উদ্দেশ্যে সেগুলো মজুত করা হয়েছিল। এ কাজে পলাতক আমিনুল তাদের সহযোগিতা করতেন বলেও তারা জানিয়েছেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর। কোনো ধরনের মাদক কারবারই ছাড় পাবে না। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশের দাবি, সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান ও কারবার রোধে নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে।