সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 2:07 PM, June 23, 2026
নোভা মিডিয়া সিলেট ডেস্ক:
হযরত শাহজালাল (রহ.) মাজারের ৭০০ বছরের প্রচলিত রীতির বাইরে গিয়ে ইতিহাসের প্রথমবারের মতো প্রকাশ্যে দানবাক্সের টাকা গণনা করা হয়েছে। মাজারের ৩টি সিলগালা করা ডেগ ও জেলা প্রশাসনের দানবাক্স খুলে মাত্র ৫ দিনে নগদ ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া গেছে। এছাড়া সাত তোলা (আনা) স্বর্ণালঙ্কারসহ বিপুল পরিমাণ রিয়াল, ডলার ও পাউন্ড পাওয়া গেছে। বিদায় বেলায় এই ব্যতিক্রমী উদ্যোগ নেন সিলেটের সদ্য প্রত্যাহার হওয়া জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম।
গতকাল সোমবার দুপুর ২টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত মাজার প্রাঙ্গণে এই গণনা কার্যক্রম চলে। প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে দরগাহ কাসিমুল উলুম মাদ্রাসার শিক্ষার্থীসহ মোট ৩৬ জন স্বেচ্ছাসেবক টাকা গণনায় অংশ নেন। মাজারের ইতিহাসে এমন প্রকাশ্য গণনার দৃশ্য আগে কখনো দেখা যায়নি। ফলে এই ঐতিহাসিক মুহূর্তটি দেখতে মাজার প্রাঙ্গণে উৎসুক জনতার ব্যাপক ভিড় জমে।
মাজারের ওয়াকফ স্টেট অফিসার সজল মিয়া গণনার তথ্য নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া টাকার মধ্যে বেশিরভাগই এক হাজার ও ৫০০ টাকার নোট। এছাড়া ১০০, ৫০, ২০ ও ১০ টাকার অসংখ্য নোট রয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভীন জানিয়েছেন, গণনাকৃত এই অর্থ সোনালী ব্যাংকে মাজারের নামে সদ্য খোলা একটি অ্যাকাউন্টে জমা রাখা হবে। পরবর্তী সময়ে এই অর্থ ব্যবস্থাপনা ও সংরক্ষণের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।
মাত্র ৫ দিনের ব্যবধানে পৌনে ১৮ লাখ টাকা উদ্ধার হওয়ায় শতাব্দীর পর শতাব্দী ধরে মাজারে ওঠা দানের টাকার হিসাব ও ব্যবস্থাপনা নিয়ে এখন স্থানীয় সচেতন মহলে নানা প্রশ্ন ও আলোচনার সৃষ্টি হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার কথা বলে দীর্ঘদিনের প্রচলিত পিতলের ৩টি ডেগ সিলগালা করে জেলা প্রশাসন নিজস্ব দানবাক্স বসায়। প্রশাসনের এই পদক্ষেপের পর মাজার সংশ্লিষ্ট ও স্থানীয় একটি পক্ষের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। তারা একে ‘প্রশাসনিক হস্তক্ষেপ’ দাবি করে বিক্ষোভও করেন। এই বিতর্কের জের ধরেই গত রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে সিলেট থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে বদলি করা হয়।
যদিও জেলা প্রশাসক আগে ঘোষণা দিয়েছিলেন প্রতি ১৫ দিন বা এক মাস পর পর দানবাক্স খোলা হবে, তবে প্রত্যাহারের আদেশ আসার পর সিলেট ছাড়ার পূর্বমুহূর্তে গতকাল সোমবার তড়িঘড়ি করেই তিনি এই সিলগালা বাক্স খোলার উদ্যোগ নেন।
এদিকে প্রত্যাহার আদেশ মেনে সোমবার রাতেই সিলেট ছেড়েছেন বিদায়ী জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। নতুন জেলা প্রশাসক নিয়োগ না হওয়া পর্যন্ত সিলেটের ভারপ্রাপ্ত ডিসি হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা।
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 15
Users Yesterday : 26
Users Last 7 days : 164
Users Last 30 days : 527
Users This Month : 527
Users This Year : 527প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
