চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: 1:42 PM, June 23, 2026

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নোভা মিডিয়া সিলেট ডেস্ক:

মালয়েশিয়ায় সফল সরকারি সফর শেষে তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দালিয়ানে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সামার দাভোস সম্মেলনে তিনি জলবায়ু নেতৃত্ব বিষয়ক গুরুত্বপূর্ণ অধিবেশনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন। পাশাপাশি আন্তর্জাতিক বিনিয়োগ, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন। সফরের দ্বিতীয় পর্যায়ে বেইজিংয়ে অনুষ্ঠিত হবে তাঁর সরকারি সফরের মূল কর্মসূচি।

গতকাল সোমবার স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি চীনের দালিয়ান ঝৌশুইজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে বিমানবন্দরে স্বাগত জানান লিয়াওনিং প্রদেশের ভাইস গভর্নর বাই ইং। এ সময় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ চীনা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষ করে স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দালিয়ানের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরের এক্সক্লুসিভ ভিআইপি টার্মিনালে তাঁকে বিদায় জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী ড. জুলকিফলি হাসান।

দালিয়ানে অবস্থানকালে প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনৈতিক ফোরামের সামার দাভোস সম্মেলনে অংশ নেবেন। সম্মেলনের শীর্ষক অধিবেশনে তিনি প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করবেন। এছাড়া ডব্লিউইএফের প্রেসিডেন্ট, বিভিন্ন দেশের সরকারপ্রধান, রাষ্ট্রপ্রধান ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে তাঁর একাধিক বৈঠক অনুষ্ঠিত হবে।

পরে প্রধানমন্ত্রী চীনের রাজধানী বেইজিং সফর করবেন। সেখানে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

আগামী ২৫ জুন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত -এ প্রধান বক্তা হিসেবে অংশ নেবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা, অর্থনৈতিক স্থিতিশীলতা, অবকাঠামোগত উন্নয়ন এবং ব্যবসাবান্ধব নীতিমালা তুলে ধরা হবে।

চীন সফরের আগে মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তাঁর একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রথমে দুই নেতার মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সীমিত পরিসরের বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পরবর্তীতে উভয় দেশের প্রতিনিধিদলের অংশগ্রহণে পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রী যৌথ সংবাদ ব্রিফিংয়ে অংশ নেন। পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত মধ্যাহ্নভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর ১৭ ফেব্রুয়ারি সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর মালয়েশিয়া ছিল তাঁর প্রথম সরকারি বিদেশ সফর এবং প্রধানমন্ত্রী হিসেবে এটিই ছিল তাঁর প্রথম বিদেশ সফর।

বিশ্লেষকদের মতে, মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতি, আঞ্চলিক সহযোগিতা এবং বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। বিশেষ করে সামার দাভোস সম্মেলনে অংশগ্রহণ এবং বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামে বক্তব্য দেশের অর্থনৈতিক সক্ষমতা আন্তর্জাতিক অঙ্গনে আরও জোরালোভাবে তুলে ধরার সুযোগ সৃষ্টি করবে।

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares