বোন হত্যা: ৪ মাস পর গ্রেফতার ভাই-ভাবি

প্রকাশিত: 12:26 AM, June 27, 2026

বোন হত্যা: ৪ মাস পর গ্রেফতার ভাই-ভাবি

নোভা মিডিয়া সিলেট ডেস্ক:

রংপুরের পীরগাছায় পালিয়ে গিয়ে বিয়ে করেছিলেন নুসরাত জাহান নূপুর। ছেলের পরিবার গরিব হওয়ায় এ বিয়ে মেনে নেয়নি নূপুরের পরিবার। পরে কৌশলে বাড়িতে ডেকে এনে নির্যাতন করা হয় নূপুর ও তার স্বামীকে। মার খেয়ে স্বামী চলে গেলে এলাকায় প্রচার করা হয় নূপুর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। লাশ উঠানে রেখে আত্মহত্যার কাহিনি সাজান পরিবারের লোকজন।

অবশেষে দীর্ঘ ৪ মাস পর ময়নাতদন্ত প্রতিবেদনে শ্বাসরোধে হত্যার তথ্য উঠে আসার পর নিহতের আপন ভাই ও ভাবিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ ফেব্রুয়ারি উপজেলার সতন্তরা গ্রামের মৃত নুর নবী সরকারের মেয়ে ও আহাদ আলীর স্ত্রী নুসরাত জাহান নূপুর বাবার বাড়িতে মারা যান। এ ঘটনায় সে দিন পীরগাছা থানায় অপমৃত্যু মামলা (নম্বর-৬ / ২৬) দায়ের করা হয় এবং মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ময়নাতদন্ত শেষে হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের লেকচারার ডা. জামিল আহমেদ লিখিত প্রতিবেদনে উল্লেখ করেন, নূপুরের মৃত্যু শ্বাসরোধে হত্যার ফলে হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে শুক্রবার (২৬ জুন) পীরগাছা থানা–পুলিশ নিহতের ভাই মো. খালিদ হাসান মিলু (২৫) ও ভাবি মোছা. দিলরুবা আক্তার দিসা (২২)-কে আটক করে থানায় নিয়ে আসে। পরে নিহতের স্বামী আহাদ আলী বাদী হয়ে নির্যাতন ও হত্যা মামলা দায়ের করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নুসরাত জাহান নূপুর ভালোবেসে আহাদ আলীকে বিয়ে করেছিলেন। তবে তাদের এ বিয়ে নূপুরের পরিবার মেনে নেয়নি। অভিযোগ রয়েছে, একপর্যায়ে অসুস্থতার কথা বলে কৌশলে নূপুরকে বাবার বাড়িতে ডেকে আনা হয়। সেখানে স্বামীকে তালাক দেওয়ার জন্য চাপ দেওয়া হলে তিনি রাজি না হওয়ায় তাকে মারধর করা হয়। পরে তার মৃত্যু হলে ঘটনাটি আত্মহত্যা বলে প্রচার করা হয়।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতের স্বামী আহাদ আলী বাদী হয়ে নূপুরের ভাই, ভাবি, মা ও ফুফুকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।

ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ঘটনার দায় কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। তাদের রিমান্ড আবেদন করা হবে।

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares